সেঞ্চুরি আর ৫ উইকেটের দিন
আগের দিন সেঞ্চুরি করেছেন। কালকের দিনটাও হতে পারত তাঁরই। কিন্তু মাত্র ৮ রানের জন্য প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পেলেন না চট্টগ্রামের বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। জাতীয় লিগের প্রথম পর্বের দ্বিতীয় দিনটাও তাই কেবল সেঞ্চুরিরই। সেঞ্চুরি পেয়েছেন বরিশালের সোহাগ গাজী, রংপুরের নাঈম ইসলাম ও ঢাকা মহানগর দলের মার্শাল আয়ুব। এ ছাড়া ৫ উইকেট পেয়েছেন সিলেটের এনামুল হক জুনিয়র ও খুলনার তাপস ঘোষ।চট্টগ্রাম-ঢাকা মহানগরদুই দিনে তিন সেঞ্চুরি দেখেছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। আগের দিন ১৭৬ রানে অপরাজিত থাকা তামিম আউট ১৯২ রানে, তাসকিনের বলে মিড অনে ইলিয়াস সানির হাতে তুলে দিয়েছেন। চট্টগ্রামের আরেক সেঞ্চুরিয়ান মমিনুল হক প্রথম দিনে করা ১২০ রানেই কাল বোল্ড হয়েছেন ঢাকা মহানগর দলের পেসার তারেক আজিজের বলে। দলের ৩৫৭ রানে মমিনুলের বিদায়ে মড়ক লাগে চট্টগ্রামের ইনিংসে। পরের ৫৪ রানের মধ্যে দলটা অলআউট। দিন শেষে ৩ উইকেটে ২৩৭ রান ঢাকা মহানগরের। এতে বড় অবদান প্রথম শ্রেণীর ক্রিকেটে চার বছর পর সেঞ্চুরি পাওয়া মার্শালের অপরাজিত ১০০ রানের। মেহরাব জুনিয়রের সঙ্গে চতুর্থ উইকেটে তাঁর ১৩৯ রানের অবিচ্ছিন্ন জুটি ভরসা জোগাচ্ছে আশরাফুলের দলকে।ঢাকা-রাজশাহীপ্রথম ইনিংসের রানখরা কাটিয়ে উঠতে পেরেছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। পরশু ঢাকা বিভাগীয় দল ১১৬ রানে অলআউট হওয়ার পর কাল বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহীর প্রথম ইনিংসও থেমে গেছে ১৭৮ রানে। অবশ্য ব্যাট করেননি অধিনায়ক মুশফিকুর রহিম ও সাকলাইন সজীব। পরশু ফিল্ডিং করতে গিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষে আহত এই দুই ক্রিকেটার কাল ছিলেন দর্শক। এক দিন পর্যবেক্ষণে থাকার পর মুশফিক মাঠে নামতে পারেন আজ। তবে এক সপ্তাহ পর্যবেক্ষণে থাকতে হবে বলে এই ম্যাচে আর খেলা হবে না সাকলাইনের। দ্বিতীয় ইনিংসের শুরুতেও ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল ঢাকা। কিন্তু ৫১ রানে ৪ উইকেট হারিয়েও দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ২৯৫ রান তাদের। পঞ্চম উইকেটে নাদিফ (৩৫) ও মোশাররফের (৬৯) ১০০ রানের জুটি এবং সপ্তম উইকেটে আবদুল মজিদ-নুরুল হাসানের ৯৭ রানের জুটিতে ২৩৩ রানের লিড এখন ঢাকার। ফরহাদ রেজার বলে ডাক করতে গিয়ে অদ্ভুতভাবে বোল্ড মোশাররফ।খুলনা-বরিশালআগের দিনের রানের সঙ্গে কাল ২৫ রান যোগ করেই অলআউট খুলনা। তবে প্রথম ইনিংসে ৩১৪ রান করলেও দ্বিতীয় ইনিংসে তাদের ব্যাটিংটা হচ্ছে খুবই বাজে। ৬৭ রানেই নেই ৫ উইকেট! ৪ উইকেট নিয়ে বরিশালের অফ স্পিনার সোহাগ গাজীই নামিয়েছেন ধসটা। তার পরও দ্বিতীয় দিন শেষে খুলনার লিড ১০৩ রানের।বোলিংয়ের আগে ব্যাট হাতেও উজ্জ্বল ছিলেন সোহাগ। প্রথম ইনিংসে বরিশালের ২৭৮ রানে মূল অবদান তাঁর সেঞ্চুরির। ৯৩ বলে করেছেন ১১৯ রান। ৫৯ রানে ৫ উইকেট পেয়েছেন খুলনার লেগ স্পিনার তাপস ঘোষ। চোট কাটিয়ে অনেক পর ক্রিকেটে ফেরা পেসার রুবেল হোসেনও ৪৫ রানে নিয়েছেন ২ উইকেট। এর আগে ব্যাট হাতেও প্রথম ইনিংসে করেছেন অপরাজিত ৩৩ রান। সিলেট-রংপুরদিনের প্রথম বলেই নাজমুলের বলে এলবিডব্লু আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান আলাউদ্দিন বাবু। তবে কাল রংপুরের প্রথম ইনিংসে শেষ ধসটা নামিয়েছেন এনামুল হক জুনিয়র। আগের দিন ২ উইকেট নেওয়ার কাল পর রংপুরের শেষ ৩ উইকেটও নিয়েছেন তিনি, প্রথম শ্রেণীর ক্রিকেটে ২২তম বারের মতো ৫ উইকেট পেলেন সিলেটের এই বাঁহাতি স্পিনার।৭৩ রানে শেষ ৪ উইকেট হারালেও প্রথম ইনিংসে ২৯৫ রান করেছে রংপুর। আগের দিন ৮৮ রানে অপরাজিত অধিনায়ক নাঈম ইসলামের সেঞ্চুরির বড় ভূমিকা তাতে। ৪২৮ মিনিট উইকেটে থেকে ৩৩৬ বলে অপরাজিত ছিলেন ১৩৭ রান করে। দিন শেষে সিলেট প্রথম ইনিংসে করেছে ৪ উইকেটে ১৬৮। সং ক্ষি প্ত স্কো রঢাকা-রাজশাহী, মিরপুরঢাকা বিভাগ: ১১৬ ও ৭৮ ওভারে ২৯৫/৭ (মোশাররফ ৬৯, নুরুল ৬২, মজিদ ৫০*, নাদিফ ৩৫, শরীফ ২৩*; সানজামুল ৩/১২২, ফরহাদ রেজা ২/৫৩)। রাজশাহী বিভাগ: ৫০.৫ ওভারে ১৭৮/৮ ডি. (ফরহাদ হোসেন ৪৩, ফরহাদ রেজা ৩৯, জুবায়ের ২৬*, শফিউল ২০; শাহাদাত ৩/৫১, মাহমুদউল্লাহ ২/২০, মোশাররফ ২/৪৭)।রংপুর-সিলেট, রংপুররংপুর বিভাগ: ১১৩.২ ওভারে ২৯৫ (নাঈম ১৩৭*, মাহমুদুল ৬০, আলাউদ্দিন ২১; এনামুল জুনিয়র ৫/১০১, নাজমুল ৩/৩৩)। সিলেট বিভাগ: ৬৬ ওভারে ১৬৮/৪ (রুম্মন ৭৫, অলক ৪৭*, সায়েম ২১; নাসির ১/৪, আরিফুল ১/৩১)। চট্টগ্রাম-ঢাকা মহানগর, বগুড়াচট্টগ্রাম বিভাগ: ১১০.৪ ওভারে ৪১১ (তামিম ১৯২, মমিনুল ১২০, নাজিমউদ্দিন ৩৩; তাসকিন ৩/৬৪, সানি ৩/৯৮, শরিফউল্লাহ ২/৫৬)। ঢাকা মহানগর: ৬১ ওভারে ২৩৭/৩ (মার্শাল ১০০*, মেহরাব জুনিয়র ৫৩*, শামসুর ৫৬, আশরাফুল ১৯; কামরুল ২/৫১, ইউনুস ১/৪৯)। খুলনা-বরিশাল, খুলনাখুলনা বিভাগ: ৯৭ ওভারে ৩১৪ (সৌম্য ৯৬, তুষার ৬৯, রুবেল ৩৩*, ডলার ৩২, তাপস ঘোষ ৩১, ইমরুল ২১; রাসেল ৩/৪৩, মনির ৩/৭১, সোহাগ ২/১২৬) ও ১৫ ওভারে ৬৭/৫ (তুষার ১৬, মিঠুন ১২; সোহাগ ৪/২৬, মনির ১/১১)। বরিশাল বিভাগ: ৬৩ ওভারে ২৭৮ (সোহাগ ১১৯, শাহরিয়ার ৬০, মনির ৩০; তাপস ঘোষ ৫/৫৯, রুবেল ২/৪৫)।