সেঞ্চুরি করবেন, কথা দিয়েছিলেন তামিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তামিম আজ ছিলেন এমন ঝোড়ো!
তামিম আজ ছিলেন এমন ঝোড়ো!

তাঁর উদযাপনগুলো যেন একেকটা ফ্রেমে বন্দী করে রাখার মতো। সেই উদযাপনে আজ নতুন একটা অধ্যায় যোগ করলেন তামিম ইকবাল। যোগ করারই কথা। এবার যে উপলক্ষটাও হয়ে এল বিশেষ কিছু। কিন্তু এমন মাথায় হাত বুলিয়ে উদযাপনের রহস্য কী?

আরও একটি অপরাজিত ইনিংস খেলে তৃপ্ত তামিম ইনিংসের মাঝখানেই দিলেন সাক্ষাৎ​কার। সেই টিভি সাক্ষাৎ​কারে রাসেল আরনল্ডও জানতে চেয়েছিলেন উদযাপনের রহস্য। তামিম বলেছেন, ‘আমি হাথুরুসিংহেকে বলেছিলাম এই বিশ্বকাপেই তোমাকে একটা সেঞ্চুরি এনে দে​ব।’ সেই কথা রেখেছেন তামিম। তাঁর ব্যাটেই ১৮০ রানের বিশাল পুঁজি পেয়েছে বাংলাদেশ।
আজ দুটি অনন্য মাইলফলক ছুঁয়েছেন। প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে এক হাজার রানের মাইলফলকের একদম প্রান্তে দাঁড়িয়ে ছিলেন। দরকার ছিল মাত্র ১১ রান। তামিম তা তো করলেনই, এর সঙ্গে আরও ৯২ রান যোগ করে থামলেন। থামলেন বলাও ভুল হচ্ছে। অপরাজিত ১০৩ রানের ইনিংসে থামলেন কোথায়?
তামিম যেন থামছেনই না। এই বিশ্বকাপে প্রথম ইনিংসে করলেন অপরা​জিত ৮৩, পরের ইনিংসে ৪৭, আজ ১০৩। এই বিশ্বকাপে ২৩৩ রান, গড়ও ২৩৩! ৬৩ বলে ১০টি চার ও পাঁচ ছক্কায় তামিমের শতকের ইতিহাস গড়া এই সুপার সেঞ্চুরিতে বাংলাদেশ যেন এক পা দিয়ে রাখল সুপার টেনে। তামিমেরও আশা, ‘১৮০ খুবই ভালো পুঁজি। আশা করি আমাদের বোলাররা জয় এনে দেবে।’
বাংলাদেশের শুরুটা অবশ্য এত ঝোড়ো হয়নি। শুরুতে যেন মানিয়ে নিতে সময়ও নিচ্ছিলেন তামিম ও সৌম্য। তামিম মানলেন, ‘শুরুটা দ্রুত গতির হয়নি। ওরা কিন্তু বেশ ভালো বোলিং করেছে। তবে কয়েকটা বাউন্ডারি পাওয়ার পরই নিজের ছন্দ পেলাম। আর পাওয়ার প্লেতে দেখে-শুনে খেলে ৩৪-৪০ তোলাই লক্ষ্য ছিল আমাদের। পরিকল্পনাই ছিল প্রথম তিনজন ব্যাটসম্যানের একজনকে শেষ পর্যন্ত ব্যাটিং করতে হবে।’