সেঞ্চুরি করে বাটের প্রায়শ্চিত্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮৪ রানে ৪ উইকেট হারিয়ে পাকিস্তান যে খাদের কিনারায় চলে গিয়েছিল, তাতে ‘অবদান’ ছিল তাঁরও। দু-দুটি রানআউট হয় তাঁর সঙ্গে ভুল বোঝাবুঝির কারণেই। প্রথম রানআউটের শিকার মোহাম্মদ ইউসুফ উইকেটে দাঁড়িয়েই লালচোখে তাকিয়ে ছিলেন সালমান বাটের দিকে। সেখানেও ক্ষোভ মেটেনি। দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে তাঁর আর উমর আকমলের রানআউটের জন্য বাটই দায়ী বলে সাফ জানিয়ে দিলেন।এখানেই শেষ নয়। বাটকে ‘স্বার্থপর’ ও ‘অলস’ বলেছেন, ‘আমার বয়স ৩৫ বছর। আমি যদি তিন রানের জন্য দৌড়াতে পারি, তাহলে ২৫ বছর বয়সী সালমানের সমস্যা কোথায়? কেন সে দৌড়াতে পারে না? ও আর আমি তো সমান ক্লান্ত, দুজনই ১৪০ ওভার ফিল্ডিং করেছি। আমরা দেশের জন্য খেলি, নিজের জন্য নয়। সবাই জানে ও আসলে অলস।’ক্ষোভটা এভাবে সবার সামনে না ঝেড়ে তাঁকে ডেকে নিয়ে দু-চারটা গালমন্দ শুনিয়ে দিতে পারতেন অধিনায়ক। এ নিয়ে নিশ্চয়ই বাটের মনে দুঃখ আছে। দুটি রানআউটের প্রায়শ্চিত্ত করলেন বাট নিজেই। অলস-সুন্দর সেঞ্চুরি করে রুখলেন শুরুর বিপর্যয়। তবে ৮৮ রানে শেষ ৬ উইকেট পড়ে যাওয়ায় ৩০১ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ফলোঅনের সুযোগ পেয়েও সেটি কাজে লাগাননি রিকি পন্টিং। প্রথম ইনিংসে পাওয়া ২১৮ রানের অগ্রগামিতার সঙ্গে কাল তৃতীয় দিন শেষে আরও ৫৯ রান যোগ করে অস্ট্রেলিয়া এগিয়ে আছে ২৭৭ রানে। হাতে এখনো ৯ উইকেট তাদের।আগের দিনের ৩৪ রানে অপরাজিত বাট কাল দিনের প্রথম ৪২ ওভার নির্বিঘ্নে পার করে দেন শোয়েব মালিককে নিয়ে। দিনের ১৩তম ওভারে পিটার সিডলকে চার মেরে পূর্ণ করেন ফিফটি। আগের টেস্টেই সেঞ্চুরি হাতছাড়া করেছিলেন, যে সেঞ্চুরির জন্য ৩৪ ইনিংস ধরে অপেক্ষা তাঁর। অবশেষে সেই সেঞ্চুরি এল দিনের ৪২তম ওভারে। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। দুটোই অস্ট্রেলিয়ার বিপক্ষে। এর তিন ওভার আগেই ফিফটি পূর্ণ করেন মালিক। ইনিংসের ৭৮ ওভার শেষে পাকিস্তানের স্কোর ছিল ২১২/৪। শুরুর কথা মাথায় রাখলে দারুণ সুবিধাজনক অবস্থানেই ছিল পাকিস্তান।কিন্তু সেঞ্চুরির পরপরই বাট আর ফিফটির পর মালিক আউট হয়ে গেলে আবারও বিপদে পড়ে পাকিস্তান। ২২৭ রানে অষ্টম উইকেট পড়ে যায় তাদের। এর পরও পাকিস্তানের স্কোর তিন শ পেরোল উমর গুলের অপরাজিত ৩৮ ও ১১ নম্বরে নামা মোহাম্মদ আসিফের ২৯ রানের ইনিংস দুটির সৌজন্যে। গুল ও আসিফ শেষ জুটিতে যোগ করেন ৫৩ রান। অস্ট্রেলিয়ার পক্ষে সবচেয়ে সফল বোলারের নাম সাইমন ক্যাটিচ। বাটকে ফিরিয়ে জুটি ভাঙার পাশাপাশি আরও দুটো উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনে।সুযোগ পেলে পাকিস্তানকে ফলোঅন করাবেন এই আভাস পন্টিং আগেই দিয়ে রেখেছিলেন। তবে পাকিস্তানের ইনিংসে তাঁর বোলারদের ১০৫.৪ ওভার বল করতে হয়েছে বলেই কি না তাদের বাড়তি বিশ্রামের সুযোগ দিতে নিজেরাই ব্যাট হাতে নেমে পড়েন। কিন্তু নিজের প্রথম ওভারেই মোহাম্মদ আমির শেন ওয়াটসনকে ফিরিয়ে দিলে ১ রানেই ১ উইকেট হারায় অস্ট্রেলিয়া। এর পরই পন্টিং-ক্যাটিচের ৫৮ রানের অবিচ্ছিন্ন জুটি। ওয়েবসাইট।