‘সেঞ্চুরি’ করেই গোলখরা কাটালেন এমবাপ্পে
১৪ দিন, ম্যাচের হিসাবে ৩ ম্যাচ। একই জায়গায় আটকে ছিলেন কিলিয়ান এমবাপ্পে। অবশেষে সেই জায়গা থেকে মুক্তি মিলেছে পিএসজি স্ট্রাইকারের। পিএসজির হয়ে ৯৯ থেকে ১০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন গতকাল। প্যারিসের দলটির হয়ে ১০০তম গোলটি করার পর ফরাসি স্ট্রাইকার বলেছেন, তিনি যেন এত দিন পর মুক্তি পেলেন!
পিএসজির হয়ে এমবাপ্পে ৯৯তম গোলটি পেয়েছেন গত ২০ নভেম্বর, তাঁর সাবেক দল মোনাকোর কাছে ৩-২ গোলে হেরে যাওয়া ম্যাচে। এরপর থেকেই শুরু হয় আরেকটি গোলের অপেক্ষা। মাঝে কেটে গেছে ১৪ দিন। এই সময়ের মধ্যে চ্যাম্পিয়নস লিগে খেলেছেন জার্মানির দল লাইপজিগ ও ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। আরেকটি ম্যাচ খেলেছেন বোর্দোর বিপক্ষে লিগ ওয়ানে।
কিন্তু গোল যেন সোনার হরিণ হয়ে যায় গোলমেশিন এমবাপ্পের কাছে! অবশেষে অপেক্ষার অবসান হয়েছে কাল লিগ ওয়ানে মঁপেলিয়ের বিপক্ষে ম্যাচে। দলের ৩-১ গোলের জয়ে শেষ গোলটি করে মাইলফলকে পৌঁছেছেন এমবাপ্পে। পুরো ম্যাচে এই একবারই গোলে শট নিয়েছিলেন ফরাসি স্ট্রাইকার। সেই একটি শট থেকে যোগ করা সময়ে পেয়ে গেছেন পিএসজির জার্সি গায়ে কাঙ্ক্ষিত শততম গোলটি।
শততম গোলের পর এমবাপ্পের প্রতিক্রিয়া ছিল এ রকম, ‘আমি আমার পরিসংখ্যান জানি। এটা ঠিক যে কয়েক ম্যাচ ধরেই আমি শততম গোলটি করতে চেয়েছি। (আমার পক্ষে একটি গোল করা) কঠিন কিছু ছিল না বা (এই তিন ম্যাচ) আমার জন্য কঠিন যায়নি। তবে এই গোল পাওয়ার পর নিজেকে মুক্ত লাগছে।’
পিএসজির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ডমিনিক রচেতুর সঙ্গে যৌথভাবে চতুর্থ স্থানে আছেন এমবাপ্পে। তাঁর চেয়ে বেশি গোল করেছেন পলেতা (১০৯), জ্লাতান ইব্রাহিমোভিচ (১৫৬) ও এদিনসন কাভানি (২০০)। বড় বড় এই খেলোয়াড়ের সঙ্গে এ তালিকায় এত ওপরের দিকে থাকতে পেরে খুশি এমবাপ্পে, ‘আমি যখন এখানে আসি, ভাবতেই পারিনি এত দ্রুত ১০০ গোল করতে পারব। এটা আমার অনেক দিনের লক্ষ্য ছিল।’
তবে এমন একটি মাইলফলকের কৃতিত্ব একা নেননি এমবাপ্পে। সবার মধ্যে কৃতিত্বটা ভাগ করে দিয়েছেন ফরাসি স্ট্রাইকার, ‘আমার সব সতীর্থ আর ক্লাবের সবাইকে ধন্যবাদ যে তারা আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছে। ভালো বা মন্দ—সব সময়ই তারা আমার পাশে ছিল। এখানে যারা কাজ করে যাচ্ছে, সবাইকে ধন্যবাদ।’
দুই মৌসুম ধরে এমবাপ্পের পিএসজি ছাড়া নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে ইউরোপের ফুটবল–আকাশে। স্পেনের দুই পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা তাঁকে দলে ভেড়াতে মরিয়া। তবে এমবাপ্পে পিএসজি–সমর্থকদের হয়তো আশ্বস্তই করতে চাইলেন, ‘আমার বিশ্বাস, আমি এখানে আরও গোল করতে পারি, আরও বেশি গোলে সহায়তা করতে পারি। সময়ের সঙ্গে আমার গোল আর গোলে সহায়তা বাড়বে। আমি দিনে দিনে আরও পরিণত হচ্ছি।’
তাহলে কি এমবাপ্পের পক্ষে কাভানিকে ছাড়িয়ে পিএসজির ইতিহাসে সর্বকালের সেরা গোলদাতা হওয়া সম্ভব? অথবা তিনি এ অর্জনের কথা ভাবছেন কি না? এমন প্রশ্নের উত্তরে এমবাপ্পে বলেছেন, ‘পিএসজির হয়ে ২০০ গোল করতে পারব কি না? কে জানে, হয়তো হবে। আগে তো আমি কখনো ভাবিইনি যে ১০০ গোল করতে পারব। আপনাকে আসলে শুধু পরের ম্যাচটা নিয়েই ভাবতে হবে।’ এমবাপ্পে এরপর যোগ করেন, ‘আমি এখানে এসেছি সাড়ে তিন বছর হয়েছে। সবার সমর্থন পেয়ে ভালো লাগছে।’
পিএসজির হয়ে ২১ বছর বয়সী এমবাপ্পের ১০০ গোলের ৭৪টি এসেছে লিগ ওয়ানে। চ্যাম্পিয়নস লিগে করেছেন ১৩ গোল। বাকি ১৩টি গোল ফ্রান্সের ঘরোয়া কাপের ম্যাচ আর লিগ কাপ, সুপার কাপে।