
নেপিয়ারের ম্যাকলিন পার্ক বিরাট কোহলিকে দিল অচেনা এক তিক্ত অভিজ্ঞতা। রান তাড়া করতে নেমে সেঞ্চুরি করে এই প্রথম পেলেন হারের স্বাদ।
রান তাড়া করে কোহলির আগের ১১টি সেঞ্চুরির প্রতিটিই দলকে ভাসিয়েছে জয়ের আনন্দে। কালও সে রকম কিছুরই আভাস মিলছিল। কিন্তু ১২৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেও শেষ পর্যন্ত কোহলি পরাজিত দলে।
লক্ষ্য ছিল ২৯৩। কোহলি একাই করেছেন ১১১ বলে ১২৩, হারের দায়টা যে তাঁর নয়, সে তো বোঝাই যাচ্ছে। আভাস-ইঙ্গিত মতোই উইকেট হয়েছে পেস-স্বর্গ। নিউজিল্যান্ডও নামে চার পেসার নিয়ে। কাজও হয়েছে। একমাত্র কোহলি ছাড়া ভারতের বাকি সব ব্যাটসম্যানই কিউই বোলারদের পেসের কাছে বিপর্যস্ত হয়েছেন। অধিকাংশই আত্মাহুতি দিয়েছেন শর্ট বলে। গতি আর বাউন্সি পিচে রোহিত শর্মার অস্বস্তিটা আবারও স্পষ্ট। ম্যাকলেনাহানকে উইকেট দেওয়ার আগে ২৩ বলে করেছেন মাত্র ৩ রান! ১৫ রানে জীবন পেয়েও শিখর ধাওয়ান ফিরেছেন ৩২ রানে। রাহানে-রায়নারাও দ্রুত ফিরে গেলে ভারত ১২৯ রানেই হারিয়ে ফেলে ৪ উইকেট।
এর পরও কোহলি-ধোনির ১৪ ওভারে ৯৫ রানের জুটি দলকে জয়ের দিকেই নিয়ে যাচ্ছিল। কিন্তু এক ওভারেই ধোনি ও রবীন্দ্র জাদেজাকে ফিরিয়ে দেন ম্যাকলেনাহান। তারপর সম্ভাবনা যা ছিল শুধু কোহলিকে ঘিরেই। কিন্তু দলীয় ২৩৭ রানে এই ম্যাকলেনাহানের বলেই কোহলি আউট হতেই কার্যত ম্যাচ শেষ! কোহলি অবশ্য সুযোগ দিয়েছিলেন ব্যক্তিগত ৯৫ রানেও। রাইডার দৌড়ে গিয়েও বলের নাগাল পাননি। তবে দ্বিতীয়বার আর ক্যাচ মিস করেননি রাইডার।
৬৮ রানে ৪ উইকেট, ভারতকে ২৬৮ রানে থামিয়ে দিতে ম্যাকলেনাহানেরই বড় ভূমিকা। তবে কিউইদের ২৪ রানের জয়ের মূল নায়ক কোরি অ্যান্ডারসন। কদিন আগে আফ্রিদির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেওয়া তরুণ কাল খেলেছেন ৪০ বলে অপরাজিত ৬৮ রানের এক ঝোড়ো ইনিংস। সঙ্গে কেন উইলিয়ামসনের ৭১ ও রস টেলরের ৫৫ রানের ইনিংস নিউজিল্যান্ডকে নিয়ে যায় ২৯২ রানে। পরে বল হাতেও অ্যান্ডারসন নিয়েছেন ২ উইকেট, ফিরিয়েছেন ধাওয়ান ও রাহানেকে।
সিরিজের দ্বিতীয় ম্যাচ ২২ জানুয়ারি, হ্যামিল্টনে। তথ্যসূত্র: ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ৫০ ওভারে ২৯২/৭ (গাপটিল ৮, রাইডার ১৮, উইলিয়ামসন ৭১, টেলর ৫৫, ব্রেন্ডন ম্যাককালাম ৩০, অ্যান্ডারসন ৬৮*, রনকি ৩০, নাথান ম্যাককালাম ২, সাউদি ৩*; ভুবনেশ্বর ১/৩৮, সামি ৪/৫৫, ইশান্ত ১/৭২, জাদেজা ১/৬১, অশ্বিন ০/৫২, কোহলি ০/১৩)।
ভারত: ৪৮.৪ ওভারে ২৬৮ (রোহিত ৩, ধাওয়ান ৩২, কোহলি ১২৩, রাহানে ৭, রায়না ১৮, ধোনি ৪০, জাদেজা ০, অশ্বিন ১২, ভুবনেশ্বর ৬, ইশান্ত ৫, স্যামি ৭*; সাউদি ১/৪৩, ম্যাকলেনাহান ৪/৬৮, মিলনে ১/৪০, অ্যান্ডারসন ২/৫১, নাথান ০/৫৪, উইলিয়ামসন ১/৯)।
ফল: নিউজিল্যান্ড ২৪ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: কোরি অ্যান্ডারসন।