সেঞ্চুরি-খরার বর্ষপূর্তি!
মুশফিকুর রহিমের কথাটা হাসির হুল্লোড় তুলল। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে এক ভারতীয় সাংবাদিক প্রশ্ন করলেন শচীন টেন্ডুলকারের শততম সেঞ্চুরি নিয়ে। খানিক ভেবে মুশফিকের উত্তর, ‘আমি খুব করে চাই শততম সেঞ্চুরিটা হোক, কিন্তু আমাদের বিপক্ষে নয়।’গত এক বছরে ঠিক এ কথাটিই নানা সময়ে শোনা গেছে অ্যান্ড্রু স্ট্রাউস, ড্যারেন স্যামি, মাইকেল ক্লার্ক, শেট ওয়াটসন, ব্র্যাড হাডিনদের কণ্ঠে। সবার আশার অর্ধেক পূরণ হয়েছে, অর্ধেক হয়নি। টেন্ডুলকারের সেঞ্চুরি তাঁদের বিপক্ষে হয়নি, হয়নি কারও বিপক্ষেই। সম্ভবত ইতিহাসের সবচেয়ে আলোচিত সেঞ্চুরি-খরা ক্ষণগণনার পালায় কাল ছুঁয়ে ফেলল এক বছর! গত বছর ১২ মার্চ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১১। নেলসনে বাঁধা পড়ার পর ওই জালটা আর ছিঁড়তে পারেননি। হেলমেট খুলে দুই হাত ওপরে তুলে আকাশের দিকে তাকানো—ওই দৃশ্য দেখা যায়নি আর।মুশফিকের আশারও অর্ধেক পূরণ হবে কি না, উত্তর মিলবে সময়ে। তবে পুরোটা হলে মুশফিক তো বটেই, খুশি হবে হয়তো বাংলাদেশের দর্শকেরাও। বাংলাদেশের বিপক্ষে টেন্ডুলকারের সেঞ্চুরি নির্ভেজাল আনন্দের থাকবে না, কিন্তু বাকি দুই ম্যাচ কিংবা তিন ম্যাচে (ভারত ফাইনাল খেললে) যদি সেই সেঞ্চুরিটা হয়ে যায়, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের কাছে এর চেয়ে রোমাঞ্চকর আর কী হতে পারে! টেন্ডুলকারের হাজারো কীর্তির মধ্যে শততম এই সেঞ্চুরি থাকবে একদম ওপরের দিকেই। সেই কীর্তির সঙ্গে জড়িয়ে থাকবে শেরেবাংলা স্টেডিয়ামের নাম, বাংলাদেশের দর্শকেরাও হবে ইতিহাসের চাক্ষুষ সাক্ষী! নাগপুরের ওই সেঞ্চুরিটির পর কিন্তু ভাবা যায়নি, পরবর্তী সেঞ্চুরির জন্য অপেক্ষার প্রহর এত দীর্ঘ হবে। শুরুতে কিছুদিন টেন্ডুলকার প্রতিবার ব্যাট করতে নামার সময়ই থাকত সেঞ্চুরির আশা, পরে হতাশা। এই চর্বিত চর্বণ চলেছে কিছুদিন আগে পর্যন্তও। এখন সেটাও হয় না।টেন্ডুলকারের ক্যারিয়ার বলছে, বড় কোনো মাইলফলকের সামনে এর আগেও কয়েকবার কেটেছে প্রতীক্ষার এমন দীর্ঘ যন্ত্রণাময় প্রহর। এবারের আগে টেন্ডুলকারের সবচেয়ে আলোচিত সেঞ্চুরি-খরা ছিল ক্যারিয়ারের শুরুতে। সে সময় বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় এক রহস্য ছিল টেন্ডুলকার কেন ওয়ানডে সেঞ্চুরি পাচ্ছেন না! বহুকাঙ্ক্ষিত সেই প্রথম ওয়ানডে সেঞ্চুরিটা পেয়েছিলেন অভিষেকের প্রায় পাঁচ বছর পর, ৭৯তম ওয়ানডেতে! ২০০৪ সালে ঢাকাতেই বঙ্গবন্ধু স্টেডিয়ামে টেস্ট সেঞ্চুরির সংখ্যায় ছুঁয়েছিলেন সুনীল গাভাস্কারকে। কিন্তু গাভাস্কারকে ছাড়াতে লেগে গিয়েছিল এক বছর! ২০০৮ সালের জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন ব্রায়ান লারার সর্বোচ্চ টেস্ট রানের রেকর্ড থেকে ১৭১ রান দূরে থেকে। কিন্তু অজন্তা মেন্ডিস রহস্যের জাল ছড়ানো সিরিজের ৩ টেস্টের ৬ ইনিংসে করতে পেরেছিলেন মাত্র ৯৫! পরের টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ১৪। দ্বিতীয় ইনিংসে এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু ৮৯ রানে আউট হয়ে আটকে গেলেন মাত্র ১৪ রান দূরে। শেষ পর্যন্ত লারাকে ছাড়াতে পারলেন পরের টেস্টে মোহালিতে। ছোটখাটো আরও কিছু মাইলফলকের উদাহরণও টানা যায়। ইনিংসের হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর দীর্ঘতম সেঞ্চুরি-খরা অবশ্য এটা নয়। ২০০৭ সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত ৩৪ ইনিংসে সেঞ্চুরি পাননি, এবার ৩২ ইনিংস!তবে আলোচনা-আক্ষেপ-আশা-হতাশা আগের সবকিছুকে ছাড়িয়ে গেছে এবার। যতই বারবার বলুন, এটা স্রেফ একটা পরিসংখ্যান, শততম সেঞ্চুরিটা যে টেন্ডুলকারের কাঁধে সিন্দাবাদের ভূত হয়ে চেপে বসেছে, গত কিছুদিন তাঁর ব্যাটিংয়েও প্রমাণ মিলছে এর। অনেকের ধারণা, বিশ্বকাপের পর থেকে বেছে বেছে ওয়ানডে খেলার পরও এশিয়া কাপে এসেছেন স্রেফ এই ভূতটাকে নামাতেই। সত্যিই সেটা নেমে গেলে টেন্ডুলকার নিজে তো বটেই, ইতিহাসের অংশ হয়ে যায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। সেটা আজই হতে পারে। তা না হলে হোক ১৮ কিংবা ২২ মার্চ, তবে ১৬ মার্চ (বাংলাদেশের বিপক্ষে) যেন অবশ্যই না হয়!