সেঞ্চুরি চেনাল সেই আশরাফুলকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই দিনগুলোতে আশরাফুলের অনুভূতি কেমন থাকে? আর সবার মতোই কী!‘এই দিনগুলো’ মানে আশরাফুলের ভালো খেলার দিন। যেদিন তিনি নিজের জাতটা সবাইকে মনে করিয়ে দেন। অনুভূতির ব্যাপার-স্যাপার আসছে ওই মনে করিয়ে দিতে হয় বলেই। অনেক দিন ধরেই আশরাফুলের ভালো খেলা মানেই মুগ্ধতার পাশে আক্ষেপেরও অবস্থান। কাল তেমনই এক দিন, যেদিন আশরাফুল কী করেছেন সেটাকেও প্রায় ছাপিয়ে যায় আশরাফুল কী করতে পারতেন!উইকেট ব্যাটিং-স্বর্গ, আশরাফুলের মতে ‘টুর্নামেন্টের সেরা ব্যাটিং উইকেট।’ তার পরও ১৭৭ রানের লক্ষ্য টি-টোয়েন্টিতে যথেষ্টই কঠিন। আশরাফুল বললেন, ‘খুলনার রান ১৫-২০ কম হয়ে গিয়েছিল।’ কিন্তু ওই ঘাটতি খুলনা রয়েল বেঙ্গলস পুষিয়ে দিয়েছিল ৪৫ রানেই ঢাকার ৩ উইকেট তুলে নিয়ে। সেই উইকেট তিনটি আবার দিলশান, সাকিব ও এনামুলের। কিন্তু মুগ্ধতা আর আক্ষেপে মেশানো অদ্ভুত সেই অনুভূতিটা আরেকবার মনে করিয়ে দিতে আশরাফুল বেছে নিলেন এই দিনটিকেই। ৫৮ বলে অপরাজিত ১০৩, ৬ উইকেটের জয়ে সেরা দুইয়ে থাকা নিশ্চিত করল ঢাকা গ্ল্যাডিয়েটরস। যথারীতি ম্যাচজয়ী অসাধারণ সেঞ্চুরিটির মতোই সমান আলোচিত এমন ইনিংস আরও কত আসতে পারত ওই ব্যাট থেকে!আশরাফুলের দাবি, লোকের অনুভূতি তিনি বোঝেন, তবে আক্ষেপ নিয়ে মাথা ঘামাতে চান না, ‘জানি আমি ভালো খেললেই লোকে আবার অনেক আফসোস করে। আমার নিজেরও অনেক খারাপ লাগে। কিছু দিতে পারিনি এই দেশটাকে। তবে ওসব ভাবলে এখন কোনো লাভ হবে না। পুরোনো কথাই আবার বলি, বয়স শেষ হয়ে যায়নি। দেখা যাক...।’প্রথম ওভারে ফরহাদ রেজাকে টানা দুটি চার মেরে আশরাফুলের শুরু। পরের ওভারেই শাপুর জাদরানকে দিশেহারা করে নিয়েছেন ১৬। একদিকে দিলশান-সাকিব-এনামুলরা উইকেট ছুড়ে এসেছেন, আরেক দিকে আশরাফুল খেলে গেছেন চোখ ধাঁধানো সব শট। ঢাকা ৫০ ছুঁয়েছে ৫.৪ ওভারে, এর মধ্যে আশরাফুলেরই ৪২! শুরুতেই ৩ উইকেট হারানোর ধাক্কা ঢাকাকে বুঝতে দেননি আশরাফুল, পরে দারুণ সঙ্গ দিয়েছেন জশুয়া কব ও ড্যারেন স্টিভেন্স। চতুর্থ উইকেটে কবের (২০ বলে তিন ছয়ে ৩১) সঙ্গে ৬১ রানের জুটি ৪৪ বলে। স্টিভেন্সের (২১ বলে তিন ছয়ে ৩৬*) সঙ্গে অবিছিন্ন পঞ্চম উইকেট জুটিতে ৩৯ বলে ৭৪। আশরাফুল পঞ্চাশ ছুঁয়েছেন ২৬ বলে, সেঞ্চুরি ৫৬ বলে ১৪ চার ও ২ ছয়ে। শাহরিয়ার নাফীসকে (১০২*) টপকে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে বড় ইনিংসটাও এখন আশরাফুলের। আশরাফুল পেয়েছেন প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি, ট্রাভিস বার্ট পেতে পেতেও পাননি। কালকের আগে ৬ ম্যাচ খেলে করেছিলেন মোট ৬৯, কাল ৫৬ বলে ৬টি করে চার-ছয়ে অপরাজিত ৯৪। প্রথম ওভারে খুলনা হারায় মোহাম্মদ মিঠুনকে (০), ‘গ্রিন ক্যাপ’ নিয়ে ম্যাচে নামা শাহরিয়ার নাফীসকে (৩) দ্বিতীয় ওভারে। তৃতীয় উইকেটে জিহান মুবারকের (৪৩ বলে ৬৫) সঙ্গে বার্টের জুটি ৭৪ বলে ১২০! দুই অঙ্ক ছুঁতে পারেননি খুলনার আর কোনো ব্যাটসম্যান। বার্ট শেষ পর্যন্ত থেকে দলকে এনে দেন ১৭৬। শেষ পর্যন্ত আশরাফুলের সেঞ্চুরিতে হেরে গেছে খুলনা, আড়াল হয়ে গেছেন বার্ট।সংক্ষিপ্ত স্কোরখুলনা রয়েল বেঙ্গলস: ২০ ওভারে ১৭৬/৬ (মিঠুন ০, শাহরিয়ার ৩, বার্ট ৯৪*, মুবারক ৬৫, ভিনসেন্ট ৬, নাজিমউদ্দিন ১, শেনওয়ারি ২, ফরহাদ ১*; টমাস ৩/৩৪, সাকিব ২/২৪, লিডল ১/১৮)। ঢাকা গ্ল্যাডিয়েটরস: ১৯.২ ওভারে ১৮০/৪ (দিলশান ৪, আশরাফুল ১০৩*, সাকিব ১, এনামুল ০, কব ৩১, স্টিভেন্স ৩৬*; মুবারক ১/৮, জাদরান ১/৩২, শেনওয়ারি ১/৩৩, সানজামুল ১/৩৩)ফল: ঢাকা গ্ল্যাডিয়েটরস ৬ উইকেটে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: মোহাম্মদ আশরাফুল।