সেঞ্চুরি জুটির হাফ সেঞ্চুরি
ফতুল্লায় কাল ফিরে এল যেন ইতিহাস! ১৯৯০ এশিয়া কাপে চণ্ডীগড়ে ভারতের বিপক্ষে ১০৮ রানের জুটি গড়েছিলেন ফারুক আহমেদ ও আতহার আলী খান। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম শতরানের জুটি ছিল সেটিই। কাল আবারও এশিয়া কাপে সেই ভারতের বিপক্ষেই বাংলাদেশ পেল ৫০তম শতরানের জুটি। মুশফিক-এনামুলের ১৩৩ রানের জুটিতে সেঞ্চুরি জুটির ফিফটি করল বাংলাদেশ। মিল আছে আরও, কালকের মতো ফারুক-আতহারের সেই জুটিটিও ছিল তৃতীয় উইকেটে!
৫০টি সেঞ্চুরি জুটি হয়েছে ৪২টি জুটির হাত ধরে। আটটি জুটি গড়েছে দুটি করে শতরানের জুটি। সবচেয়ে বেশি ১৮টি সেঞ্চুরি জুটি জিম্বাবুয়ের বিপক্ষে। ভারতের বিপক্ষে ৮টি, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ৪টি করে। মুশফিক-এনামুলের ১৩৩ রানের জুটি ভারতের বিপক্ষে যেকোনো জুটিতেই সর্বোচ্চ। আর সব মিলিয়ে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ জুটি এই ফতুল্লাতেই—২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে চতুর্থ উইকেটে হাবিবুল বাশার ও রাজিন সালেহর অবিচ্ছিন্ন ১৭৫।