সেঞ্চুরি পেলেন দুজন, দুজন পেলেন না
রাজশাহীর দুই ব্যাটসম্যানের মধ্যে চলছে সেঞ্চুরির প্রতিযোগিতা। আগের দুই রাউন্ডে একটি করে সেঞ্চুরি করেছেন তাঁরা। কাল তৃতীয় রাউন্ডে সেঞ্চুরি করলেন একসঙ্গে। জহুরুলের ১১৫ ও ফরহাদের ১৫৭ রানের সুবাদে অলআউট হওয়ার আগে ঢাকার বিপক্ষে প্রথম ইনিংসে ৩৭৫ রান তুলেছে কাল রাজশাহী। তবে সেঞ্চুরি হাতছাড়া হয় খুলনার অধিনায়ক হাবিবুল বাশারের। বরিশালের বিপক্ষে ৮৭ রানে থেমেছে তাঁর ইনিংস। খুলনা থেমেছে ৩৩২ রানে। হাবিবুলের মতোই সেঞ্চুরি-বঞ্চিত হয়েছেন চট্টগ্রামের ফয়সাল হোসেন। ৯৬ রানে আউট হয়েছেন তিনি। সিলেটের বিপক্ষে চট্টগ্রাম করেছে ২২৭ রান। এবারের লিগের সবচেয়ে বেশি রান করতে চান তিনি। সেই আকাঙ্ক্ষাটা আবারও জানালেন ফরহাদ হোসেন। ২৪৭ বলে ২৬টি চারে সাজানো ছিল তাঁর ১৫৭ রানের ইনিংস। ২১৫ বলে ১১৫ রান (১২টি চার) করেন জহুরুল। এই দুজনের সেঞ্চুরিতেই মূলত ৩৭৫ রান তোলে রাজশাহী। ঢাকার পেসার শরীফ পেয়েছেন ৫ উইকেট। চট্টগ্রামে ১৮০ রানে পিছিয়ে ব্যাট করতে নামে ঢাকা। দিন শেষে দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ১০ রান করেছে তারা। ফতুল্লায় হাবিবুল বাশার তাঁর আগের দিনের রানের সঙ্গে আর মাত্র ৬ রান যোগ করে আউট হয়েছেন। খুলনাকে তিন শতাধিক রানে পৌঁছানোর কৃতিত্ব পেসার সৈয়দ রাসেলেরও। ১০ নম্বরে নেমে করেছেন ৪২ রান। বরিশালের আরাফাত সালাউদ্দিন নিয়েছেন ৬ উইকেট। ইনিংসে বরিশালও খুব বেশি ভালো অবস্থায় নেই। দিন শেষে ৮ উইকেটে তারা তুলেছে ১৯৬ রান। রাজশাহীতে ফয়সালের ৯৬ রানের সুবাদে দুই শ পেরিয়েছে চট্টগ্রাম। ২০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নামা সিলেটের অবস্থাও করুণ। ৪০ রানেই তারা খুইয়েছে ৫ উইকেট। দুই অঙ্ক (১৩) ছুঁয়েছেন শুধু সায়েম।