সেঞ্চুরি হলো না আশরাফুলের
দীর্ঘদিন পর বড় একটা ইনিংস খেলার ইঙ্গিত দিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরির অনেকটাই কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। কিন্তু ৭৩ রানেই তাঁকে থামিয়ে দিয়েছেন এল্টন চিগুম্বুরা। আশরাফুলের বিদায়ে কিছুটা চাপের মুখেও পড়ে গেছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২০০ রান।হারারে টেস্টে জিম্বাবুয়ের প্রথম ইনিংসে করা ৩৭০ রানের জবাবে ব্যাট করতে নেমে আজ তৃতীয় দিনের শুরুটা ভালোভাবে করতে পারেনি বাংলাদেশ। দিনের শুরুতেই মাহমুদুল্লাহর উইকেট হারিয়ে কিছুটা চাপের মুখে পড়ে সফরকারীরা। তবে পঞ্চম উইকেটে ৫৪ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছিলেন মোহাম্মদ আশরাফুল ও অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু আশরাফুলের বিদায়ে আবারও হতাশ হতে হয়েছে বাংলাদেশ সমর্থকদের। এখন ৪০ রান নিয়ে ব্যাট করছেন সাকিব। আশরাফুলের পর উইকেটে এসেছেন মুশফিকুর রহিম।