সেঞ্চুরি হয়নি, তাতে কী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় সাংবাদিকেরা প্রতিদিনই বিস্মিত হচ্ছেন— চট্টগ্রামে সেঞ্চুরি করার পর মুশফিকুর রহিমকে নিয়ে তাঁদের বিস্ময়, এই ছেলে কেন সাত নম্বরে ব্যাট করে? মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অপরাজিত ৯৬ রান করার পর মাহমুদউল্লাহকে নিয়েও একই প্রশ্ন—ও কেন আট নম্বর ব্যাটসম্যান? সম্ভব হলে বিশ্বসেরা আট নম্বর ব্যাটসম্যানের স্বীকৃতিটাই তাঁকে দিয়ে দেন আর কী!মাহমুদউল্লাহ দলীয় নীতির বাইরে এক পাও দেন না। ‘টসে জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল কি না’—প্রশ্নে সাকিবের পাশে দাঁড়িয়ে বললেন, সাকিবই ঠিক। মুশফিকুরের মতো তাঁর কাছেও কাল জানতে চাওয়া হলো, ব্যাটিং-অর্ডারে আরও উঠিয়ে আনলে ব্যাটটাও আরও চওড়া হয়ে উঠবে কি না। মাহমুদউল্লাহ এখানেও প্রত্যাশিত উত্তর এড়িয়ে যান বিনয়ের হাসিতে, ‘দল যেটা ভালো মনে করে...আমাকে ওপরে বা নিচে ব্যাটিং করাক, আমার কোনো সমস্যা নেই। দলে অবদান রাখতে পারলেই খুশি। ক্যারিয়ারের শুরু থেকেই দলের জয়ে ভূমিকা রাখতে চেয়েছি। সেটা করতে পারলে ভালো লাগে।’ বিদেশি সাংবাদিকদের মাহমুদউল্লাহ জানিয়েছেন, ঘরোয়া ক্রিকেটে এখন ওপরের দিকে ব্যাট করলেও একটা সময়ে ব্যাট করতেন সাত-আটেই। জাতীয় দলের প্রয়োজন মেটানো তাই সমস্যা নয়। আর সমস্যা হলে একজন তো পাশেই আছেন, ‘আমাদের সহকারী কোচ খালেদ মাহমুদ আমাকে অনেক সাহায্য করেন। যেকোনো সমস্যায় আমি তাঁর কাছে যাই, ওনার পরামর্শ শুনি।’আগের টেস্টের প্রথম ইনিংসেই টেস্টে নিজের সর্বোচ্চ ৬৯ রানের ইনিংস খেলা মাহমুদউল্লাহ কাল নিজেকেও ছাড়িয়ে গেলেন। কিন্তু ছাড়িয়ে যেতে পারলেন না প্রথম টেস্ট সেঞ্চুরির স্বপ্নকে। টপ-অর্ডারের যে অবস্থা তাতে বাংলাদেশের সাত-আট নম্বর ব্যাটসম্যানদের সেঞ্চুরি পেতে হলে সতীর্থ বোলারদের সাহায্যটাই বেশি লাগছে। আগের ম্যাচে শাহাদাত হোসেন, শফিউল ইসলাম ও রুবেল হোসেন ব্যাট হাতে যে রকম সমর্থন দিয়েছিলেন মুশফিকুরকে, সেটা কাল পুরোপুরি পেলেন না মাহমুদউল্লাহ। সে কারণেই অপরাজিত থাকার আনন্দের চেয়ে বড় হয়ে উঠছে ৪ রানের জন্য সেঞ্চুরি না পাওয়ার বেদনা। সংবাদ সম্মেলনে প্রশ্নটা তুলেও অবশ্য সে হতাশার খোঁজ পাওয়া গেল না। সেঞ্চুরি না পাওয়ায় একটুও নাকি মনঃকষ্ট নেই মাহমুদউল্লাহর! সঙ্গী ব্যাটসম্যান রুবেলের প্রতি আপনার কী পরামর্শ ছিল ওই সময়?মাহমুদউল্লাহ: রুবেলকে কিছু বলিনি। শুধু বলেছি ব্যাটিং করে যাও। সেঞ্চুরি না পেয়ে কি হতাশ?মাহমুদউল্লাহ: না, সেঞ্চুরি না পাওয়ায় হতাশ নই। শুরুতে কয়েকটা উইকেট পড়ে যাওয়ার পরও দিন শেষে ভালো হয়েছে, এটাই বড় কথা। হতাশ নন ঠিক আছে। কিন্তু সেঞ্চুরির জন্য কি তখন কোনো পরিকল্পনাই ছিল না আপনার?মাহমুদউল্লাহ: প্ল্যান ছিল, প্ল্যান একটা করেছিলাম। প্রজ্ঞান ওঝার শেষ ওভারের পঞ্চম বলে আমি ইচ্ছে করে সিঙ্গেল নিইনি। ভেবেছিলাম পরের বলে ফিল্ডাররা সামনে এগিয়ে আসবে, আমি চার মারার চেষ্টা করব। ওখানেই হয়তো ভুলটা করে ফেলেছিলাম।ওই ভুলের জন্য হয়তো একটু আফসোস আছে। কিন্তু দিন শেষে সেঞ্চুরি না পাওয়ার হতাশার চেয়ে দলের ইনিংসটা যে মোটামুটি দাঁড়িয়ে গেল, মাহমুদউল্লাহর সে আনন্দটাই বেশি, ‘আনন্দটা বড় আমার কাছে। ব্যাটিং হোক, বোলিং হোক, যখনই খেলি আমার লক্ষ্য থাকে দলে যাতে অবদান রাখতে পারি। সেটা করতে পারলেই ভালো লাগে।’ এর সঙ্গে যোগ করতে পারেন যুবরাজ আর হরভজন সিংয়ের দেওয়া সান্ত্বনা। ড্রেসিংরুমে ফেরার পথে মাহমুদউল্লাহর পিঠ চাপড়ে দিয়েছেন দুজনই। যুবরাজ বলেছেন, ‘সেঞ্চুরি না পেলেও ভালো ইনিংস খেলেছ।’ আর ভাজ্জির মুখ দিয়ে বেরিয়েছে ‘ওয়েল ডান’।মাহমুদউল্লাহর হাত ধরে কাল বাংলাদেশ ইনিংসটা যা-ই দাঁড়াক, দিন শেষের চিত্র কিন্তু শুভ ইঙ্গিত দিচ্ছে না। কোনো উইকেট পড়েনি ভারতের, গৌতম গম্ভীর ও বীরেন্দর শেবাগ কাল শেষবেলায় ১৩ ওভার খেলেই স্কোরবোর্ডে জমা করে ফেলেছেন ৬৯। ভারতের সুদীর্ঘ ব্যাটিং লাইনআপের সামনে দিনবদলের গান শোনাতে আজ তাহলে কী করতে হবে বাংলাদেশকে? অধিনায়ক-সহঅধিনায়ক না হয়েও উত্তরটা মাহমুদউল্লাহ দিলেন, কারণ কাজটা তো জানাই, ‘আমরা খুব বেশি রান করতে পারিনি। কালকের (আজ) দিনটা তাই খুবই গুরুত্বপূর্ণ। সকালে কুয়াশা পড়ে। পেসাররা ভালো জায়গায় বল করলে উইকেটের সাহায্য পেতে পারে। সকালে যদি ৩-৪টা উইকেট নিয়ে নিতে পারি তাহলে অন্যরকম কিছু ঘটতেও পারে।’অন্যরকম কিছুর স্বপ্ন সব সময়ই থাকে...কিন্তু স্বপ্নপূরণ হয় কবার?