সেঞ্চুরিটা পেয়ে গেছেন মার্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ইনিংসে আউট হয়েছিলেন ৫ রান করে, মাত্র ৮ ওভার দৈর্ঘ্যের দ্বিতীয় ইনিংসে অপরাজিত ছিলেন ২ রানে। নিজের এমন টেস্ট অভিষেক নিয়ে জিওফ মার্শ কোনো আক্ষেপ যদি ২৬ বছর ধরে পুষে রাখেনও, সেটি ভুলে যাওয়ার উপলক্ষ পেয়ে গেছেন। কাল তাঁকেই সাক্ষী রেখে মার্শ-তনয় শন অভিষেকেই করলেন সেঞ্চুরি। এর আগে মাত্র ১৮ জন অস্ট্রেলীয় এই কীর্তি গড়েছেন, যে তালিকায় আছেন ইতিহাসের প্রথম টেস্টেই সেঞ্চুরি করা চার্লস ব্যানারম্যান, বিল পন্সফোর্ড, গ্রেগ চ্যাপেল, কেপলার ওয়েসেলস, মার্ক ওয়াহরা। শন মার্শের জন্য এই সেঞ্চুরি আরও বড় গর্বের, কারণ এর আগে অস্ট্রেলিয়ার পক্ষে তিনে নেমে অভিষেকে সেঞ্চুরি করেছিলেন শুধু পন্সফোর্ড।শুধু সেঞ্চুরিই নয়, চতুর্থ উইকেটে ২৫৮ রানের রেকর্ড জুটিও গড়েছেন মাইক হাসির সঙ্গে। যদিও ২৩৭ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করেও স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। কাল বৃষ্টির উ ৎ পাতে খেলা হয়েছে মাত্র ৪০.৩ ওভার। টেস্টের শেষ দুই দিনের ভারী বর্ষণের পূর্বাভাস আছে। কোণঠাসা শ্রীলঙ্কার জন্য সুখবর নিশ্চয়ই। তবে আবহাওয়া বাদ না সাধলে পাল্লেকেলেতে ২-০ লিড নিয়ে নিতে পারে অস্ট্রেলিয়া।৮৭ রান নিয়ে মার্শ শুরু করেছিলেন দিন। অপয়া ১৩-র দূরত্বে ছিলেন সেঞ্চুরি থেকে। দিনের প্রথম বলেই চার মেরে সেই ভয় তাড়িয়েছেন। কিন্তু এরপরই গ্যালারিতে বসে থাকা বাবার ‘বিপি’ বাড়িয়ে দেওয়া সেই অপেক্ষার প্রহর। ৯১ থেকে ১০০-তে পৌঁছাতে খরচ করেছেন ২২ বল। মার্শের রান যখন ৯১, হাসি ব্যাট করছিলেন ৭৬-এ। সেই হাসিই ১৪তম সেঞ্চুরি তুলে নিয়েছেন মার্শের আগে। অবশ্য হাসি সেঞ্চুরি তুলে নেওয়ার দুই বল পরেই জাদুসংখ্যায় পৌঁছে যান মার্শও। মাঠে মার্শ জুনিয়র আর গ্যালারিতে মার্শ সিনিয়র পাল্লা দিয়েই উদ্যাপন করেছেন তাঁদের পরিবারের জন্য স্মরণীয় মুহূর্তটি।১৪২ রান করে হাসি আউট হতেই ভেঙে যায় এ জুটি। শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ উইকেটে যেটি সর্বোচ্চ। খানিক বাদে ১৪১ রানে আউট হন মার্শও। যে শ্রীলঙ্কা ৭৭টি ওভার কোনো উইকেটের দেখা পায়নি, তারাই ৮ ওভারের মধ্যে হাসি, মার্শ, হাডিন আর জনসনকে তুলে নেয়। এরপরই বৃষ্টির হানা। লাঞ্চের পর হতে পারে মাত্র ৭টি ওভার। সূত্র: ওয়েবসাইট।