সেঞ্চুরিতে মরগানের জবাব
প্রথম শ্রেণীর ক্রিকেটে যা পারফরম্যান্স, তাতে টেস্ট অভিষেক শিগগিরই হওয়ার সম্ভাবনা ছিল না। এউইন মরগানকে টেস্ট দলে এনেছে আসলে গত এক বছরের ওয়ানডে পারফরম্যান্স। বাংলাদেশ সিরিজে পল কলিংউডের বিশ্রামে পাওয়া সুযোগটাকে অবশ্য খুব একটা কাজে লাগাতে পারেননি। দুই ম্যাচের দুই ইনিংসে করেছেন ৪৪ ও ৩৭। টেকনিক ও টেম্পারামেন্ট এখনো টেস্ট উপযোগী নয়, বলেছে অনেকেই। অনেকেই তাঁর টেস্ট ক্যারিয়ারে সম্ভাব্য বিরতিও দেখে ফেলেছিল। অথচ নির্বাচকেরা তাঁকে রেখে দিলেন পাকিস্তান সিরিজেও! সমালোচনা কম হয়নি। কিন্তু সব সমালোচনা, গুঞ্জনের জবাব পাকিস্তান সিরিজের প্রথম দিনেই দিয়ে দিলেন মরগান। ১১৮ রানে ৪ উইকেট পড়ার পর নেমেছিলেন। প্রথম দিন শেষে যখন মাঠ ছাড়ছেন, নামের পাশে অপরাজিত ১২৫! কাল ইনিংসটাকে আর বেশি বড় করতে পারেননি। তবে পাকিস্তানের এই বোলিং আক্রমণের বিপক্ষে বিপর্যয়ের মাঝে নেমে খেলা ইনিংসটা আপাতত মাটিচাপা দিয়েছে মরগানের টেকনিক-টেম্পারামেন্ট নিয়ে যাবতীয় শঙ্কা। অনেক প্রশ্নের জবাব দিতে পেরে এই বাঁহাতির কণ্ঠেও ছিল উচ্ছ্বাস, ‘আমার ক্যারিয়ারে এটা বিশাল একটা মুহূর্ত। মাত্র তৃতীয় ম্যাচেই সেঞ্চুরি করাটা খুবই তৃপ্তির। অসাধারণ একটা অর্জন এবং আমি খুবই গর্বিত। আমার ধারণা, আমি কিছু প্রশ্নের জবাব দিতে পেরেছি এবং আমার খেলায় অনেক উন্নতি করেছি। বিশেষ করে বড় দৈর্ঘ্যের ম্যাচে।’ মরগানের খেলায় প্রতি মুহূর্তেই যেটা ফুটে ওঠে, সেই আত্মবিশ্বাসের ছোঁয়া পাওয়া গেল তাঁর কণ্ঠেও, ‘টেস্ট ক্রিকেটটা আমি এখনো পুরোপুরিভাবে বুঝে উঠতে পারিনি। তবে আমার প্রতিভা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আমি খুবই আত্মবিশ্বাসী ক্রিকেটার এবং নিজেকে প্রকাশ করতে ভালোবাসি। আশা করি, ভবিষ্যতে আমি আরও অনেক অনেক রান করব।’আত্মবিশ্বাসের ঝলক দেখা গেছে তিন অঙ্কে পৌঁছানোর সময়টিতে। ৯৯ থেকে শোয়েব মালিককে মাথার ওপর দিয়ে ৬ মেরে ছুঁয়েছেন প্রথম টেস্ট সেঞ্চুরি। ওই মুহূর্তের ভাবনাটা কী ছিল? ‘আমি ভেবেছিলাম ব্যাট-বলে করেই দ্রুত একটি রান দিয়ে নেব। কিন্তু সে (মালিক) যখন বলটি ঝুলিয়ে দিল, আমি আমার সবকিছু দিয়ে সজোরে ব্যাট চালালাম।’১৯০৬ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফেড্রেরিক ফেনের ১৪৩ রানের পর এই প্রথম টেস্টে সেঞ্চুরি পেলেন আয়ারল্যান্ডে জন্ম নেওয়া কোনো ইংলিশ ব্যাটসম্যান। আয়ারল্যান্ডের হয়ে ২৩টি ওয়ানডে খেলার পর গত বছরের মে মাসে ইংল্যান্ডের হয়ে অভিষেক হয় মরগানের। গত এক বছরে ২৭টি ওয়ানডে খেলে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দলের অন্যতম সেরা ‘ম্যাচ উইনার’ হিসেবে। এবার শুরু করলেন টেস্টেও। স্ট্রাউস, ট্রট, পিটারসেনদের পর ইংল্যান্ড টেস্ট দলে শেকড় গজাচ্ছে আরেক ‘বিদেশি’র। ওয়েবসাইট।