সেঞ্চুরিতে শুরু অধিনায়ক কুকের
ছয় বছর আগে এই ভারতের মাটিতে সেঞ্চুরি করেই যাত্রা শুরু করেছিলেন টেস্ট ক্রিকেটের জগতে। নিয়মিত টেস্ট অধিনায়ক হিসেবে অ্যালিস্টার কুকের শুরুটাও হলো ভারতের মাটিতে সেঞ্চুরি করে। যদিও টেস্ট ম্যাচে নয়, তিন দিনের প্রস্তুতি ম্যাচে। তার পরও নিয়মিত অধিনায়ক হিসেবে অভিষেকেই সেঞ্চুরির আনন্দটা একটু ভিন্ন মাত্রা পেতে বাধ্য।ইনিংসটাকে আজ আরও বড় করার সুযোগ থাকছে কুকের, দিন শুরু করবেন ১১২ রান নিয়ে। আর সামিত প্যাটেল দিন শুরু করবেন সেঞ্চুরির প্রত্যাশায়। এই অলরাউন্ডার কাল দিন শেষে অপরাজিত ছিলেন ৮২ রানে। প্রথম ইনিংসে ভারত ‘এ’ দলের ৩৬৯ রানের জবাবে ১৩৩ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলেছিল ইংল্যান্ড। কুক ও প্যাটেলের ১৫৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে বিপদ থেকে উদ্ধার পায় ইংল্যান্ড, দিন শেষে তারা করে ৪ উইকেটে ২৮৬।ইংলিশ ব্যাটসম্যানদের স্পিনের বিপক্ষে মানিয়ে নেওয়ার সুযোগ না দিতে ‘এ’ দলে কোনো বিশেষজ্ঞ স্পিনার নেয়নি ভারত। তবে খণ্ডকালীন স্পিনাররাই ভোগাচ্ছিলেন ইংলিশদের। যদিও প্রথম উইকেটটি নিয়েছেন পেসার অশোক দিন্দা। টেস্ট অভিষেকপ্রত্যাশী নিক কম্পটন ফিরেছেন শূন্য রানেই। দ্বিতীয় উইকেটে কুক ও ট্রটের (৫৬) ৯৫ রানের জুটি ভেঙেছেন সুরেশ রায়না। জাতীয় দলে ফিরে কেভিন পিটারসেন খেলছিলেন নিজের মতোই। ৩ চার ও ১ ছয়ে ২৩ করে ফেললেন দ্রুতই। কিন্তু আবারও তাড়া করল পুরোনো ভূত। ফিরতি ক্যাচ দিলেন যুবরাজের বাঁহাতি স্পিনে। স্পিনে দক্ষ ইয়ান বেলকেও (৫) ফেরত পাঠালেন যুবরাজ। তবে এরপর ভারত ‘এ’ দলের বোলারদের শাসনই করেছেন কুক ও প্যাটেল।কুক-প্যাটেলের ব্যাটে স্বস্তি মিললেও দুঃসংবাদ বয়ে এনেছেন স্টিভেন ফিন। প্রথম দিন ৪ ওভার বোলিং করেই ডান ঊরুতে চোট নিয়ে বেরিয়ে যাওয়া ফাস্ট বোলার আর খেলতে পারবেন না এই ম্যাচে। স্ক্যানে গুরুতর কিছু ধরা পড়েনি, প্রথম টেস্টেরও বেশ দেরি (শুরু ১৫ নভেম্বর), তার পরও সেই টেস্টে ফিনকে পাওয়া নিয়ে একটু অনিশ্চয়তা তৈরি হয়েছেই। ওয়েবসাইট।