জন ডেভিসন ১৪, স্টিভ টিকোলো ১০। ক্যারিয়ারের শেষ ওয়ানডে ম্যাচে ডেভিসন ও টিকোলোর রান। বিদায়টা ভালো হলো না কানাডা ও কেনিয়ার ক্রিকেটের সেরা দুই ব্যাটসম্যানের। এঁরা ব্যর্থ হলেও ওয়ানডেতে ছয় ব্যাটসম্যান তাঁদের শেষ ম্যাচে সেঞ্চুরি করেছেন। বিশ্বকাপের প্রথম সেঞ্চুরির মালিক ইংল্যান্ডের ডেনিস অ্যামিস প্রথম ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ারের শেষ ম্যাচে করেছিলেন ১০৮ রান, অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৭৭ সালে। পরের বছর ইংল্যান্ডের পক্ষে মাত্র চারটি ওয়ানডে খেলা ক্লাইভ র্যাডলি তাঁর শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১১৭ রান করেন। ওয়েস্ট ইন্ডিয়ান গ্রেট ডেসমন্ড হেইন্স ১৯৯৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১১৫ রান করে শেষ করেন তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ার। হল্যান্ডের ফিকো ক্লোপেনবার্গ (১২১) ও ফন নুর্টউইক (১৩৪) একই ম্যাচে নামিবিয়ার বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন ২০০৩ বিশ্বকাপে। ঘটনাক্রমে ওটাই ছিল তাঁদের শেষ ওয়ানডে। সর্বশেষ ২০০৮ সালে নিউজিল্যান্ডের জেমস মার্শাল ১৬১ রান করেন তাঁর শেষ ম্যাচে।