সেঞ্চুরিতে শেষ পন্টিংয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণাঢ্য ক্যারিয়ারের আরও একটি অধ্যায়ের সমাপ্তি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই বিদায় নিয়েছেন। কাল রিকি পন্টিং খেললেন প্রথম শ্রেণীর ক্রিকেটে তাঁর শেষ ইনিংসটাও। আর বিদায়ের সেই ক্ষণটা স্মরণীয় করে রাখলেন দুর্দান্ত এক সেঞ্চুরি দিয়ে। কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে অপরাজিত ১৬৯ রানের ইনিংস খেলে একই সঙ্গে পেরিয়ে গেলেন প্রথম শ্রেণীর ক্রিকেটে ২৪ হাজার রানের মাইলফলকও।নটিংহ্যাম্পশায়ারের বিপক্ষে আগের দিন অপরাজিত ছিলেন ৪১ রানে। তবে প্রথম শ্রেণীর ক্যারিয়ারের শেষ দিন ব্যাট হাতে নেমে সেঞ্চুরি করেছেন লাঞ্চের আগেই। দেড় মাস আগে সারেতে যোগ দেওয়ার পর এটা তাঁর দ্বিতীয় সেঞ্চুরি। সারের হয়ে অভিষেক ম্যাচেও ডার্বিশায়ারের বিপক্ষে ১৯২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন তিনি। বিদায়ী ম্যাচে পেয়েছেন প্রথম শ্রেণীর ক্রিকেটে ৮৩তম সেঞ্চুরির দেখা। দীর্ঘমেয়াদি ক্রিকেটে আর দেখা যাবে না ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটসম্যানকে। তবে রিকি পন্টিংয়ের ব্যাটিং দেখার সুযোগ শেষ হয়ে যাচ্ছে না এখনই। সারের হয়ে রঙিন পোশাকে দেখা যাবে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ককে। এএফপি।