সেঞ্চুরিতেই সাঙ্গাকারার 'এক শ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই সফরে সাঙ্গাকারা মানেই বাংলাদেশের সামনে সংহারমূর্তি। কাল শ্রীলঙ্কান ব্যাটসম্যান খেলেছেন ১২৮ রানের আরেকটি দুর্দান্ত ইনিংস ।  প্রথম আলো
এই সফরে সাঙ্গাকারা মানেই বাংলাদেশের সামনে সংহারমূর্তি। কাল শ্রীলঙ্কান ব্যাটসম্যান খেলেছেন ১২৮ রানের আরেকটি দুর্দান্ত ইনিংস । প্রথম আলো

রুবেল হোসেনের বলটি ছিল হাফভলি। তবে বাজে বলকে বাউন্ডারিতে পাঠাতেও তো টাইমিং আর প্লেসমেন্ট ভালো হতে হয়! হাঁটু গেড়ে কুমার সাঙ্গাকারা যেন চালিয়ে দিলেন চাবুক। বুলেটকে হার মানানো গতিতে বল এক্সট্রা কভার বাউন্ডারিতে। মিড অফ আর কভারের ফিল্ডার ঠায় দাঁড়িয়ে, নড়ার সময়ও পাননি কেউ। বল যখন বাউন্ডারি সীমানা ছুঁল, সাঙ্গাকারা তখনো শ্যেনদৃষ্টিতে তাকিয়ে বলের দিকে। ফলোথ্রুতে অনেকক্ষণ ধরে স্থির ব্যাট, যেন ফটোগ্রাফারদের সুযোগ করে দিচ্ছিলেন মুহূর্তটি ফ্রেমে বন্দী করে রাখার। সাঙ্গাকারার মনঃসংযোগ, সামর্থ্য, নিয়ন্ত্রণ আর আত্মবিশ্বাসের প্রতীক হয়ে রইল যেন শটটি। স্কোরবোর্ডে তখন নামের পাশে ১০২, বড় পর্দায় ভেসে উঠেছে সেঞ্চুরি নম্বর ১৭। ক্ষণিকের শীতঘুম শেষে আবার আপন চেহারায় সাঙ্গাকারা।
ঘুম না বলে অবশ্য সামান্য ঝিমুনি বলাই শ্রেয়। টেস্ট সিরিজের অতিমানবীয় পারফরম্যান্সের পর পোশাক পাল্টে যেন খানিকটা পাল্টে গিয়েছিলেন সাঙ্গাকারা। দুটি টি-টোয়েন্টি ও প্রথম ওয়ানডেতে পাওয়া যায়নি পরিচিত চেহারায়। কাল উইকেটে গেলেন ম্যাচের দ্বিতীয় ওভারেই। খানিকপর দেখলেন আরেক প্রান্তে দিলশান ও চান্ডিমালের বিদায়। হঠাৎই তখন টালমাটাল লঙ্কান ইনিংস। সাঙ্গাকারার ওপর দায়িত্বের ভার বেড়ে তখন পাহাড়সমান। এক পাশ আগলে রাখতে হবে, দিশা দেখাতে হবে দলের ইনিংসকে, আবার সচল রাখতে হবে রানের চাকাও। তবে এসব ভারে যদি চাপা পড়েন, তাহলে কি আর তিনি সাঙ্গাকারা? দলকে বিপদ থেকে উদ্ধার করলেন, বড় রানের ভিত্তিই শুধু গড়লেন না, নিশ্চিত করলেন বড় রানে পৌঁছে দেওয়াও। দায়িত্ব মোটামুটি শেষ মনে করে যখন ফিরছেন ড্রেসিংরুমে, নামের পাশে ১২৮!
রানে ফেরার রহস্য আবারও সেই মূলে ফিরে যাওয়া। টেস্টে গত কিছুদিন বারবার থিতু হয়েও আউট হওয়ায় অতিরিক্ত সময় দিয়েছিলেন নেটে। সেটির পুরস্কার হিসেবে ধরা দিয়েছে চট্টগ্রাম টেস্টে ট্রিপল সেঞ্চুরি ও সেঞ্চুরির ইতিহাস। রঙিন পোশাকে রানে ফেরার রহস্যও সেটি, জানালেন কাল ম্যাচসেরার পুরস্কার নেওয়ার পর, ‘উইকেট খুব ভালো ছিল, চেষ্টা করছি যত বেশি সম্ভব রান করতে। ম্যাচের আগে নেটে অনেক ঘাম ঝরিয়েছি, মাথা পরিষ্কার রেখে ব্যাটিং করে গেছি। দলের আজ একটি বড় ইনিংস প্রয়োজন ছিল, খেলতে পেরে ভালো লাগছে।’
দায়িত্বের পরিধিটা শুধু নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখেননি, বরং বাড়তি দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন নিজ থেকেই। উইকেটে গিয়ে যখন থিতু হতে লড়ছিলেন আশান প্রিয়াঞ্জন, বারবার বেঁচে যাচ্ছিলেন আউট হতে হতে, এগিয়ে গিয়ে অভিজ্ঞতার ছাতা মেলে ধরেছেন সাঙ্গাকারা, ‘আশানকে বলেছিলাম মনোযোগ না হারাতে, লড়ে যেতে, উইকেট ছুড়ে না দিতে।’ প্রিয়াঞ্জন তাতে খুঁজে পেয়েছেন আত্মবিশ্বাস, গড়ে উঠেছে দুজনের ১১৪ রানের জুটি।
দলকে যেমন জয় এনে দিয়েছেন, নিজেও তেমনি দারুণ এক মাইলফলক ছুঁয়েছেন ফিফটি ছুঁয়েই। ওয়ানডে ক্রিকেটে সাঙ্গাকারার পঞ্চাশ ছাড়ানো শততম ইনিংস ছিল কালকের ১২৮। যে কীর্তি আছে আর মাত্র তিনজনের—শচীন টেন্ডুলকার (১৪৫), রিকি পন্টিং (১১২) ও জ্যাক ক্যালিস (১০৩)। আরেকটি অসাধারণ অর্জন, অমরত্বের পথে সাঙ্গাকারার আরেকটি ধাপ!