সেঞ্চুরির অপেক্ষায় নাঈম
সকালে উইকেট দেখে নাকি শফিউল ইসলামের মনে হয়েছিল, ‘বোলিংয়ে অনেক মজা পাওয়া যাবে।’ তা মাত্র ৫-৬ ওভার পর্যন্তই সেই মজাটা পেলেন শফিউল-রুবেল হোসেনরা। টসে জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ সবুজের শুরুটা তাতেই হয়ে গেল এলোমেলো। কিন্তু দিনের শুরু আর শেষ এক নয়। চার দিনের ম্যাচের প্রথম দিন শেষে শফিউলেরই আক্ষেপ, ‘কিছুক্ষণ পরই উইকেট ফ্লাট হয়ে গেল...!’মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সেই ফ্লাট উইকেটে সবুজ দলের দুই ব্যাটসম্যান নাঈম ইসলাম আর মমিনুল হক যথেষ্টই ভোগালেন মুশফিকুর রহিমের লাল দলের বোলারদের। ২৩ রানে ৩ উইকেট পড়ার পর চতুর্থ উইকেটে অলকের (২৯) সঙ্গে ৬১ রানের জুটি নাঈমের, ষষ্ঠ উইকেটে মমিনুলের সঙ্গে ১২৬ রানের। মাঝে পঞ্চম উইকেটে রকিবুলের (১৮) সঙ্গে জুটিটা ৩৩ রানের।আন্তর্জাতিক ক্রিকেটে সাত-আটে ব্যাট করলেও দল থেকে বাদ পড়ার পর নাঈমের চোখটা ওপরের দিকে। বিসিবি কাপে ‘এ’ দলের হয়ে চার নম্বরে নেমে সেঞ্চুরি পেয়েছেন, চার দিনের ম্যাচেও চার নম্বরে নেমে আছেন সেঞ্চুরির অপেক্ষায়। দিন শেষে ৯৫ রানে অপরাজিত নাঈম। সবুজ দলের অধিনায়ক শাহরিয়ার নাফীস যদিও রানের চেয়ে লম্বা সময় ধরে উইকেটে থাকাটাকেই দিচ্ছেন বেশি গুরুত্ব, ‘নাঈম দেখিয়েছে লম্বা সময় ধরে ব্যাটিং কীভাবে করতে হয়। এই ইনিংস থেকে অনেক কিছু শেখার আছে আমাদের। প্রায় তিন শ বল খেলেছে এক দিনে।’ শাহরিয়ার নিজে অবশ্য উইকেটে গেছেন আর এসেছেন। ম্যাচের প্রথম বলেই আউট, শফিউলের বলে কট বিহাইন্ড।পঞ্চম ওভারে দ্বিতীয় উইকেট পড়ার পর নেমেছেন নাঈম। দিনের শেষ পর্যন্ত পাঁচ ঘণ্টা ৩৪ মিনিট উইকেটে থেকে বল খেলেছেন ২৮৯টি। চার মেরেছেন ১২টি। নাঈম-মমিনুলের জুটিটার সময় লাল দলের বোলাররা ছিলেন একদমই অসহায়। দুজনের কেউই কোনো সুযোগ দেননি। নাঈমের তুলনায় একটু বেশি মারমুখী হলেও মমিনুলের ইনিংসটাও নিখুঁত। ৬ নম্বরে নেমে ৮৯ বলে ৭২ রান করেছেন, ৮ বাউন্ডারির সঙ্গে ছক্কা তিনটি। মজার ব্যাপার হলো, একাডেমির এই ব্যাটসম্যান ২৩ সদস্যের সবুজ দলে ছিলেনই না! লেগ স্পিনার নূর হোসেনের আঙুলে ব্যথা, ম্যাচের আগে জানা গেল পেসার সৈয়দ রাসেলও খেলার মতো ফিট নন। একাডেমির ব্যাটসম্যান মমিনুল আর লেগ স্পিনার তানভীরকে দলভুক্ত করা হয় তখন।সকালের সম্ভাবনাটা মাটি করে দিলেও দিন শেষে প্রতিপক্ষের বোলার শফিউল প্রশংসাই করেছেন নাঈমের ব্যাটিংয়ের, ‘কোনো সুযোগ দেয়নি আমাদের। খুব ভালো ব্যাটিং করেছে।’ আর শাহরিয়ারের কণ্ঠে নাঈম-মমিনুল দুজনেরই প্রশংসা। সেটা না করেও উপায় নেই। পুরো ইনিংসে একটাও বাজে শট নেই নাঈমের। বেশির ভাগ সময়ই ব্যাট চলেছে সোজা। একাডেমির এক নবীন ব্যাটসম্যানকে সঙ্গে নিয়ে জাতীয় দলের বাইরে চলে যাওয়া নাঈম কাল আসলেই কিছু শেখালেন জাতীয় দলের তারকা ব্যাটসম্যানদের।