সেঞ্চুরির কথা ভাবেনইনি নাসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিফটির পর ব্যাট তুললেন না। সেটা রেখে দিয়েছিলেন আরও বড় উপলক্ষ উদ্যাপনের জন্য। ব্যাট উঁচিয়ে উদ্যাপনটা শেষ পর্যন্ত হলো সেঞ্চুরি করে। আন্তর্জাতিক ক্রিকেটে নাসির হোসেনের প্রথম সেঞ্চুরি এবং সেটিরই হাত ধরে এল প্রথম ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।খেলা শেষে নাসিরও বললেন, ফিফটি তাঁর কাছে ব্যাট তোলার কোনো উপলক্ষ নয়, ‘আমার মনে হয় না ম্যাচ হারলে ফিফটির কোনো দাম আছে। আমার লক্ষ্য ছিল ম্যাচ জেতানো।’ সেটা পারছেন না বলেই সেঞ্চুরির পরও ব্যাট তোলা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। সমাধান দিলেন সঙ্গী ব্যাটসম্যান মাহমুদউল্লাহ, ‘রিয়াদ ভাইকে (মাহমুদউল্লাহ) জিজ্ঞেস করলাম ব্যাট তুলব কি না। রিয়াদ ভাই বললেন, তোল...। তখন তুললাম।’রিয়াদ ব্যাট তুলতে বলেছেন, আর সেঞ্চুরি করতে নাকি বলেছেন পাকিস্তান দলের উমর আকমল! ‘আমার রান তখন ৭৫। ওই সময় উমর আকমল বলল, এক শ কর। আমিও ভাবলাম, একটু চেষ্টা করি...। ম্যাচ হারলে এ রকম এক শর কোনো দামই নেই। তার পরও প্রথম সেঞ্চুরি করে ভালো লাগছে’—সংবাদ সম্মেলনে বেশ অকপট নাসির। তাঁর বিশ্বাস, এই সেঞ্চুরি দলের অন্য ব্যাটসম্যানদের জন্য প্রেরণার উৎস হবে, ‘আমি দলের মধ্যে সবচেয়ে ছোট। আমি সেঞ্চুরি করায় এখন অন্যরাও ভাববে, নাসির পারলে আমরা পারব না কেন?’ব্যাটিং বিপর্যয়ে অন্ধকারাচ্ছন্ন এই সিরিজে কাল এক টুকরো আলো হয়ে এল নাসিরের সেঞ্চুরি। ১৯ রানে ৪ উইকেট হারানোর পর বাংলাদেশ যখন আরেকটি লজ্জাজনক স্কোরের দিকে এগোচ্ছিল, সাকিব আল হাসানের সঙ্গে নাসিরই বাধার দেয়াল তুললেন। পঞ্চম উইকেটে ১০৬ রানের জুটিটা সাকিবের আউটে ভেঙে গেলেও শেষ ওভার পর্যন্ত উইকেটে থাকলেন রংপুরের তরুণ ক্রিকেটার নাসির। বাংলাদেশ যে সিরিজে কিছুটা হলেও মাথা তুলে দাঁড়াতে পারল, খেলা শেষে গ্যালারি থেকে এক দর্শক তুলে ধরতে পারল আশা-জাগানিয়া প্ল্যাকার্ড ‘গুডলাক ফর চিটাগাং’, ১০০ রানের ইনিংস খেলে সেসব নাসিরেরই দেওয়া উপহার। নাসির অবশ্য বললেন, দলের খারাপ সময়েই নাকি ব্যাটিংটা বেশি উপভোগ করেন তিনি। তার ওপর অন্যরা না পারলেও ব্যাটিংয়ের জন্য উইকেটটাকে বেশ ভালো মনে হয়েছে তাঁর কাছে।বয়সভিত্তিক ক্রিকেট থেকেই চোখে পড়ার মতো পারফরম্যান্স নাসিরের। একাডেমিতে খেলার সময়ও সেটা ধরে রাখা এই অলরাউন্ডার জাতীয় দলে ডাক পেয়েছেন গত আগস্টে জিম্বাবুয়ে সফরে। ওয়ানডে অভিষেকেই ৬৩ রানের ইনিংস খেলে জানান দিয়েছিলেন, আন্তর্জাতিক ক্রিকেটে থাকতেই এসেছেন। সেই থাকাটা এখন পর্যন্ত বেশ ভালো। ৯ ম্যাচে দুটি ফিফটি আর কালকের সেঞ্চুরিটাসহ ২৫১ রান, গড় ৪১.৮৩। সঙ্গে দুই টেস্ট খেলে ২৬.৩৩ গড়ে ৭৯ রান। অফ স্পিনে টেস্ট-ওয়ানডে দুটিতেই এখন পর্যন্ত নিয়েছেন ৩টি করে উইকেট।