সেঞ্চুরির দেখা পেলেন স্মিথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাস পাঁচেক আগে মোহালিতে ভারতের বিপক্ষে আফসোসে পুড়েছিলেন ৮ রানের জন্য। এই সিরিজেই এর আগে একবার সেঞ্চুরির কাছাকাছি গিয়েছিলেন। তিন অঙ্ক থেকে মাত্র ১১ রান দূরে থেকে ফিরতে হয়েছিল ওল্ড ট্রাফোর্ডে। অস্ট্রেলিয়ার জন্য দুঃস্বপ্নের এই সিরিজে মোটামুটি ধারাবাহিকই বলতে হবে তাঁকে। কিন্তু নামের পাশে আরাধ্য সেই তিন অঙ্কের ম্যাজিক ফিগার দেখার স্বপ্ন কেন যেন পূরণ হচ্ছিল না।অবশেষে কাল ওভালে সত্যি হলো স্টিভেন স্মিথের সেই স্বপ্ন। যেনতেনভাবে নয়, রীতিমতো জোনাথন ট্রটকে এক বিশাল ছক্কায় পৌঁছালেন ৯৪ থেকে ১০০-তে। ১২তম টেস্টে পাওয়া প্রথম সেঞ্চুরিতে টেস্ট আঙিনায় জমিনটা আরেকটু শক্ত হলো একসময়ের ‘মিনি অলরাউন্ডারের’। সেঞ্চুরির পরও স্মিথকে থামাতে পারেননি ইংলিশ বোলাররা, থেমেছেন তিনি অধিনায়কের ইনিংস ঘোষণায়। ওভাল টেস্টের বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনে ৯ উইকেটে ৪৯২ রানে ইনিংস ঘোষণা করেছেন মাইকেল ক্লার্ক। ইংল্যান্ড দিন শেষ করেছে বিনা উইকেটে ৩২ রান নিয়ে।স্মিথের সেঞ্চুরিটা হলো গতকাল, তবে বীজটা বপন করেছিলেন পরশুই। কিন্তু শেন ওয়াটসনের অসাধারণ ইনিংসের কাছে ম্লান হয়ে গিয়েছিল স্মিথের অপরাজিত ৬৬। কাল ওয়াটসন নেই। মঞ্চটাকে তাই নিজের করে নিলেন স্মিথ। বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলা সাড়ে তিন ঘণ্টা দেরিতে শুরু হওয়ায় সেঞ্চুরির জন্য অপেক্ষাটা বাড়ল একটু। কিন্তু আগের দিন যেখানে থেমেছিলেন, কাল শুরু করলেন যেন সেখান থেকেই। ১৯৮ বলে ছুঁয়েছেন আরাধ্য তিন অঙ্ক। সেঞ্চুরির পরেই সঙ্গী ব্র্যাড হাডিনকে (৩০) হারিয়েছেন। তবে লোয়ার অর্ডারদের সঙ্গী করে দারুণ ব্যাটিংয়ে অধিনায়ককে করে দেন ইনিংস ঘোষণার সুযোগ। তথ্যসূত্র: স্টার ক্রিকেট ও ক্রিকইনফো।