তিনটি ম্যাচ বাকি থাকতেই এক বিশ্বকাপে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড হয়ে গেল এবার। পরশু ইংল্যান্ডের বিপক্ষে দিলশান ও থারাঙ্গার সেঞ্চুরি দুটি এই বিশ্বকাপের ২২ ও ২৩তম সেঞ্চুরি। এত দিন ২০০৩ বিশ্বকাপে হওয়া ২১টি সেঞ্চুরিই ছিল সর্বোচ্চ। তবে সেবার ম্যাচসংখ্যা ছিল ৫২টি। গত বিশ্বকাপে ৫১টি ম্যাচে ২০টি সেঞ্চুরি হয়। এ ছাড়া ১৯৯৬-তে ১৬টি, ১৯৮৭ ও ১৯৯৯-তে ১১টি, ১৯৭৫-তে ৬টি এবং ১৯৭৯-তে ২টি সেঞ্চুরি হয়েছিল। এবার সবচেয়ে বেশি ছয়টি সেঞ্চুরি করেছেন শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। দ্বিতীয় স্থানে থাকা ভারতীয়রা করেছেন পাঁচটি। অন্য দুই সেমিফাইনালিস্টের মধ্যে নিউজিল্যান্ডের দুটি সেঞ্চুরি থাকলেও পাকিস্তানের কেউ সেঞ্চুরি করতে পারেননি। বিশ্বকাপ মিলিয়ে রেকর্ডটি অস্ট্রেলিয়ার (২২টি)। এরপর ভারত (২০), শ্রীলঙ্কা (১৪), ওয়েস্ট ইন্ডিজ (১৪), নিউজিল্যান্ড (১৩) ও পাকিস্তান (১৩)। বাংলাদেশ ২৬টি ও কেনিয়া ২৯টি ম্যাচ খেললেও সেঞ্চুরি করতে পারেননি এই দুই দলের কোনো ব্যাটসম্যানই।