সেঞ্চুরির সেঞ্চুরির হাতছানি
গোটা ক্যারিয়ারে একজন ব্যাটসম্যান যা যা অর্জনের স্বপ্ন দেখেন, ৩৭ বছর বয়সে তার প্রায় সবই পেয়ে গেছেন শচীন টেন্ডুলকার। একের পর এক অন্যের রেকর্ড ভেঙেছেন, কখনো বা নিজের রেকর্ডটাই ভেঙে নতুন করে গড়েছেন। আজ আরেকটা ইতিহাস গড়তে ভারতের এই লিটল মাস্টারকে হাতছানি দিচ্ছে চেন্নাই।টেস্ট রেকর্ডের খাতায় ৫১টি সেঞ্চুরি আর ওয়ানডেতে ৪৮টি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ সেঞ্চুরি পেলেই গড়বে ইতিহাস—সেঞ্চুরির সেঞ্চুরি! টেস্ট আর ওয়ানডে মিলিয়ে ১০০।শচীন অবশ্য সেঞ্চুরির সেঞ্চুরি গড়া নিয়ে কথা বলছেন না, তবে চেন্নাইয়েই যে স্মরণীয় কিছু করতে চান, তা স্পষ্ট। এ ম্যাচের আগে টানা কয়েক দিন নেটে বেশি সময় নিয়ে অনুশীলন করেছেন তিনি। লক্ষ্য তো এখন একটাই!ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বলেছেন, ২১ বছর ধরে খেলছেন শচীন। তিনি কখনোই ব্যক্তিগত রেকর্ড নিয়ে ভাবেন না। কারণ, শচীন ভালো করেই জানেন, প্রতিটি খেলাতেই তাঁর চারপাশে রেকর্ড ঘোরাফেরা করে।