লা লিগায় রিয়াল-বার্সার ম্যাচ বাকি পাঁচটি করে। শিরোপা আসুক না আসুক, একটি মাইলফলকের খুব কাছাকাছি দুই দল। গোলের সেঞ্চুরি পূর্ণ করার জন্য রিয়ালের আর দরকার ছয় গোল, বার্সার আটটি। একসময় যেটি ছিল কঠিন এক কাজ, সেটিকে এখন রীতিমতো ডাল-ভাত বানিয়ে ফেলেছে বার্সা-রিয়াল। গত চার মৌসুমেই অন্তত ১০০ গোল করেছে রিয়াল। বার্সাও গত পাঁচ মৌসুমের তিনবার অন্তত ১০০ গোল করেছে। তবে এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের কীর্তিটা রিয়ালেরই। ২০১১-১২ মৌসুমে রেকর্ড ১২১ গোল করেছিল হোসে মরিনহোর রিয়াল। ১১৫ গোল করে সবচেয়ে বেশি গোলের এর পরের রেকর্ডটা গত মৌসুমে করেছিল টিটো ভিলানোভার বার্সেলোনা।