সেঞ্চুরিয়নেও সেই জনসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু একটা সিরিজের জন্য দুর্দান্ত প্রত্যাবর্তন? হ্যাঁ, এমন হয় বটে। কিন্তু মিচেল জনসনকে নিয়ে যদি এমন কিছু ভেবে থাকেন তাহলে ভুল।
অ্যাশেজে তাঁর রূপকথার মতো আগ্রাসী বোলিং যে ‘হঠাৎ আলোর ঝলকানি’ ছিল না সেটা জানাতে জনসন অপেক্ষায় রাখলেন মাত্র ৩টি বল। অধিনায়ক মাইকেল ক্লার্ক বল তুলে দেওয়ার পর জনসনের চতুর্থ বলেই নেই গ্রায়েম স্মিথ। আগে দুবার জনসনের বল লেগে হাত ভেঙেছিল দক্ষিণ আফ্রিকান অধিনায়কের। এদিন জনসনের ১৪৩ কিলোমিটার গতির বলটা গ্লাভসে লাগায় হাতটা বাঁচল, কিন্তু উইকেট বাঁচল না।
সেটি দক্ষিণ আফ্রিকার ইনিংসের দ্বিতীয় ওভার, জনসনের শুরু। এরপর আলভিরো পিটারসেন আর ফ্যাফ ডু প্লেসিসকেও শিকার বানিয়েছেন অস্ট্রেলিয়ান পেসার। অস্ট্রেলিয়ার ৩৯৭ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা তখন ৩ উইকেটে ২৩। ফলোঅন এড়াতে আর কত রান লাগে সেই হিসাব-নিকাশও হয়তো শুরু করেছিলেন অনেকে। তবে শেষ বেলায় এবি ডি ভিলিয়ার্সের প্রতিরোধে দক্ষিণ আফ্রিকানদের সেই শঙ্কা কিছুটা কমেছে, পুরোটা নয়। শুরুর ধসের পর রায়ান ম্যাকলারেনও ফিরেছেন জনসনের চতুর্থ শিকার হয়ে। মাঝে হাশিম আমলা আর জেপি ডুমিনিকে হারিয়ে দ্বিতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৬ উইকেটে ১৪০ রান। ডি ভিলিয়ার্স ব্যাট করছেন ৫২ রানে।
অথচ দিনের শুরুটা কিন্তু দক্ষিণ আফ্রিকারই ছিল। ৪ উইকেটে ২৯৭ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়ার ইনিংসে নিজের দ্বিতীয় সেঞ্চুরিটি পেয়েছেন স্টিভেন স্মিথ। কিন্তু ঠিক ১০০ করে স্মিথ ফিরে যাওয়ার পরই ধস শুরু হয় অস্ট্রেলিয়ার। মাত্র ৬৬ রানে শেষ ৬ উইকেট হারায় তারা। ৭৮ রানে ৪ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে সফল বোলার ডেল স্টেইনের হাসিটা দিন শেষে এভাবে মুছে যাবে তা কে জানত? তথ্যসূত্র: টেন ক্রিকেট।