আর দুই দিন পরেই শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা বহুল আলোচিত টেস্ট সিরিজ। টেস্টের বিশ্বসেরার স্বীকৃতি কাগজে-কলমে আদায় করে নিয়েছে ভারত বেশ কিছুদিন আগেই। তবে এখনো ভারতের গলায় কাঁটা হয়ে বিঁধে রয়েছে দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ না জেতার অপূর্ণতা। এ অপূর্ণতাকে ঝেড়ে ফেলার প্রত্যয় নিয়েই ভারতীয় দল এখন দক্ষিণ আফ্রিকায়। অন্যদিকে দক্ষিণ আফ্রিকাও মরিয়া নিজেদের মাটিতে ভারতের বিপক্ষে শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ন রাখতে। সব মিলিয়ে একটি বিস্ফোরক টেস্ট সিরিজই অপেক্ষ করছে ক্রিকেট রোমান্টিকদের জন্য, সেটা আর বলার অপেক্ষা রাখে না।দুই দিন পরেই ভারতের বিপক্ষে টেস্ট লড়াইয়ে মাঠে নামবে প্রোটিয়ারা। আর সে লক্ষ্যে আজ নিজেদের ক্রিকেট সেনাদের তালিকাও চূড়ান্ত করেছে তারা।দক্ষিণ আফ্রিকার ঘোষিত টেস্ট দলের সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো—এতে রয়েছেন মাত্র একজন স্পিনার। গত মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্টে চমৎকার পারফর্ম করে জন বোথাকে সরিয়ে দলে নিজের জায়গা নিশ্চিত করেছেন পল হ্যারিস। এর পাশাপাশি ১৫ সদস্যের দল থেকে বাদ পড়েছেন ওয়েন প্রানেল ও ব্যাটসম্যান জেপি ডুমেনি।নির্বাচকদের এ সিদ্ধান্তের ফলে ডেল স্টেইন ও মোর্নে মরকেলের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে দেখা যেতে পারে রায়ান ম্যাকলারেন বা লনওয়াবো সোসোবেকে। আর জেপি ডুমিনি দলে না থাকায় দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপের ৬ নম্বরে অ্যাশওয়েল প্রিন্সের জায়গা এখন অনেকটাই নিশ্চিত। স্প্রিংবকদের জন্য চমত্কার এক সুখবর নিয়ে এসেছেন অধিনায়ক গ্রায়েম স্মিথ। আবুধাবি টেস্টে পাকিস্তানের বিপক্ষে বাঁ হাতের আঙুলে আঘাত পেয়ে সবাইকে শঙ্কায় ফেলেছিলেন তিনি। গতকাল প্রথম ব্যাট হাতে অনুশীলনও করেছেন তিনি। ১৬ ডিসেম্বর সেঞ্চুরিয়ানে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলে চিকিত্সকেরা জানিয়েছেন।দক্ষিণ আফ্রিকা দল: গ্রায়েম স্মিথ (অধিনায়ক), এ বি ডি ভিলিয়ার্ন, জ্যাক ক্যালিস, অ্যাশওয়েল প্রিন্স, ডেল স্টেইন, মোর্নে মরকেল, মার্ক বাউচার, লনওয়াবো সোসোবে, রায়ান ম্যাকলারেন, পল হ্যারিস, হাশিম আমলা ও আলভিরো পিটারসেন। ক্রিকইনফো।