সেঞ্চুরিয়ানের বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিল বিশ্বকাপে যেন স্মরণীয় সব মাইলফলকের ছড়াছড়ি। ব্যক্তিগত, দলীয়। অর্জনের ভিড়ে সমৃদ্ধ হয়েছে সেঞ্চুরি ক্লাবও। আরেকবার মনে করিয়ে দেওয়া যাক কিছু সেঞ্চুরি, কজন সেঞ্চুরিয়ানের কথা

স্নাইডার,কাউট
স্নাইডার,কাউট

কমলার দুজন
বিশ্বকাপের দ্বিতীয় দিনেই প্রথম সেঞ্চুরির মাইলফলক। হল্যান্ডের হয়ে শততম ম্যাচ খেলতে নামেন ওয়েসলি স্নাইডার। গত বিশ্বকাপ নায়কের শততম ম্যাচ উদ্যাপন করে দল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে ৫-১ গোলে গুঁড়িয়ে দিয়ে। নিজের সেরাটা দেখাতে না পারলেও তৃতীয় গোলটি বানিয়ে দিয়ে জয়ে খানিকটা অবদান রাখলেন ডাচ ১০ নম্বর স্নাইডারও। হল্যান্ডের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে সেই স্বাদ পেলেন ডার্ক কাউট। শততম ম্যাচেও দেখা গেল কাউটের সেই ম্যাচজুড়ে ক্লান্তিহীন ছোটাছুটি, শেষ সময়ের দুই গোলে মেক্সিকোর হৃদয় ভাঙল হল্যান্ড।

সুপার মারিওর অর্জন

মারিও
মারিও


তিনি জাতীয় দলে ঢুকলেন, কলম্বিয়ারও দুর্দিন শুরু হলো। বছরের পর বছর দলের রক্ষণ স্তম্ভ হয়ে থাকলেও তাই পূরণ হচ্ছিল না বিশ্বকাপ খেলার স্বপ্ন। তিনিও লেগে থাকলেন বয়সের সঙ্গে যুদ্ধ করে। অবশেষে ৩৮ বছর বয়সে এবার পেলেন বিশ্বকাপ খেলার স্বাদ। গ্রুপের দ্বিতীয় ম্যাচে পেলেন আরেকটি অনির্বচনীয় স্বাদ, দেশের জার্সি গায়ে শততম ম্যাচ। মারিও ইয়েপেসের মাইলফলক ম্যাচে আইভরিকোস্টকে হারিয়ে দুই যুগ পর শেষ ষোলো নিশ্চিত করল কলম্বিয়া।

.
.

গোলের সেঞ্চুরি
বিশ্বকাপে গোলের সূচনা যে দলের হাত ধরে, তারা এবার ছুঁল গোলের সেঞ্চুরি। প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রথম গোলটি করেছিলেন ফরাসি ইনসাইড রাইট লুসিয়ে লঁরা। ১৯৩৮ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অস্কার হেইসারের গোলে ফ্রান্সের বিশ্বকাপ গোল ছুঁয়েছিল দুই অঙ্ক। নিজেদের চতুর্দশ বিশ্বকাপে এসে এবার তিন অঙ্ক ছুঁল ফ্রান্স। সুইজারল্যান্ডকে ৫-২ গোলে উড়িয়ে দেওয়া ম্যাচে অলিভিয়ের জিরুর গোলটিই বিশ্বকাপে ফ্রান্সের শততম ম্যাচ। তিন দিন পর ক্যামেরুনের বিপক্ষে নেইমারের গোলে ব্রাজিলও ছুঁয়ে ফেলল বিশ্বকাপ গোলের সেঞ্চুরি।

একই দিনে দুজন

মাচেরানো,মার্টেসেকার
মাচেরানো,মার্টেসেকার


একজন ডিফেন্ডার, আরেকজন ডিফেন্সের সঙ্গে মাঝমাঠের যোগসূত্র। দুই দলের অপরিহার্য দুজন শততম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিলেন একই দিনে। ঘানার বিপক্ষে গ্রুপ ম্যাচে দশম জার্মান হিসেবে শততম ম্যাচ খেললেন পার মার্টেসেকার, ইরানের বিপক্ষে ম্যাচে চতুর্থ আর্জেন্টাইন হিসেবে হাভিয়ের মাচেরানো।

দুই সফলের সেঞ্চুরি
এবার প্রথম ম্যাচে মাঠে নেমেই অনন্য এক মাইলফলক স্পর্শ করে জার্মানি। এটি ছিল বিশ্বকাপে জার্মানির শততম ম্যাচ। এই প্রথম বিশ্বকাপে ম্যাচ খেলার সেঞ্চুরি করল কোনো দল! জার্মানি যেন আরেকবার মনে করিয়ে দিল, বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে ধারাবাহিক দল তারাই। টমাস মুলারের হ্যাটট্রিক আর বিশ্বকাপ অভিষেকে ম্যাটস হামেলসের গোলে পর্তুগালকে বিধ্বস্ত করে উপলক্ষ স্মরণীয় করে রাখে জার্মানরা। এক সপ্তাহ পর এই রেকর্ডের তালিকায় জার্মানি সঙ্গী হিসেবে পেয়েছে সব বিশ্বকাপে খেলা একমাত্র দল ব্রাজিলকে। ক্যামেরুনের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচটি ছিল বিশ্বকাপে তাদের শততম ম্যাচ।

ইয়োবো
ইয়োবো

অম্ল-মধুর ইয়োবো
এমনিতে স্রেফ ডাগ আউট গরম করেই থাকার কথা ছিল তাঁর। কিন্তু গডফ্রে ওবায়োবোনার চোটে মাঠে নামতে হলো প্রথম ম্যাচেই, সঙ্গে পেলেন অধিনায়কের আর্মব্যান্ডও। দুর্দান্ত পারফরম্যান্সে ধরে রাখলেন জায়গা। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে প্রথম নাইজেরিয়ান হিসেবে খেলতে নামলেন শততম ম্যাচ। গর্বের অর্জনের ম্যাচে গোলও করেন ইয়োবো, তবে নিজেদের জালে! ফ্রান্সের কাছে হেরে বিদায় নিল দল। এই তিক্ততার ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ইয়োবো।