সেন্ট কিটসে লাল-সবুজ স্মারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেন্ট কিটসে এক টুকরো বাংলাদেশ। কাল ওয়ার্নার পার্কে ।  প্রথম আলো
সেন্ট কিটসে এক টুকরো বাংলাদেশ। কাল ওয়ার্নার পার্কে । প্রথম আলো

ফ্রিগেট বে থেকে পাহাড়ি রাস্তায় ওপরের দিকে উঠছি। এক পাশে পাহাড়, আরেক পাশে কখনো আটলান্টিক, কখনো ক্যারিবীয় সমুদ্র। দক্ষ চালকের মতো গাড়ি চালাচ্ছিলেন তৌহিদুল ইসলাম, সেন্ট কিটসে সবাই যাঁকে রুমি নামেই চেনে।
ওয়েস্ট ইন্ডিজ আসার পর থেকে একটা জিনিস দেখছি, এখানে সবাই গাড়ি খুব ভালো চালায়। সমুদ্রঘেঁষা পাহাড়ি পথ। একটু এদিক-সেদিক হলেই শেষ। অথচ কেউ আস্তে গাড়ি চালায় না। রুমিও ব্যতিক্রম নন। তবে স্টিয়ারিংয়ে তাঁর যে নিয়ন্ত্রণ, তাতে ওই দ্রুত যানে বসেও ভয় হচ্ছিল না।
ফ্রিগেট বে থেকে আমরা যাচ্ছিলাম পেনিনসুলা কোভের দিকে। উদ্দেশ্য সাউথ বে পেনিনসুলা থেকে আটলান্টিক ও ক্যারিবিয়ান সমুদ্রের মিলনস্থল দেখা। মিলনস্থল মানে চোখের সামনে আপনি সমুদ্র আর মহাসমুদ্র একসঙ্গে দেখবেন।
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৫০ মিটার ওপরে সাউথ বে পেনিনসুলা। গ্রেনাডার পর এখানে এসেও কেবল সমুদ্রই দেখছি। কিন্তু অত ওপর থেকে দুই সমুদ্রের মিলনস্থল দেখার রোমাঞ্চকর অনুভূতি আরও দশটা ক্যারিবিয়ান ডায়েরি লিখেও বোঝানো যাবে না। সাউথ বে পেনিনসুলায় গিয়ে যখন গাড়ি থেকে নামলাম, আমার বাঁদিকে আটলান্টিক, ডানদিকে ক্যািরবিয়ান সমুদ্র। মাঝখানে সরু হয়ে সমুদ্রে ঢুকে পড়া পেনিনসুলা কোভের ওপর দিয়ে বয়ে গেছে আঁকাবাঁকা রাস্তা। দুনিয়াটা এত সুন্দর! কোথায় ছিলাম এত দিন!
এই কদিন সমুদ্রের আশেপাশে থেকে সমুদ্র সম্পর্কে প্রাথমিক হলেও একটা ধারণা জন্মেছে। গ্রেনাডায় আমার রুম ঠিক আটলান্টিকের পাড়ে ছিল। সেন্ট কিটসের সুগার বে ক্লাব অ্যান্ড রিসোর্টের কক্ষটা সমুদ্র থেকে একটু দূরে। তবে বিশাল এই রিসোর্টের পেছনেও পড়ে আছে আটলান্টিক এবং এই অঞ্চলে আটলান্টিকের সবচেয়ে রুদ্র অংশ নাকি ওটাই। পারতপক্ষে এদিক দিয়ে তাই কেউ সমুদ্রে নামে না। তার পরও স্থানীয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে আসা তরুণ-তরুণীরা অনেক সময় অ্যাডভেঞ্চারের খোঁজে সেখানে নেমে পড়েন। কিন্তু তাঁদের অনেকেই নাকি আর সমুদ্র থেকে উঠে আসতে পারেন না!
যাই হোক, আটলান্টিক আর ক্যারিবিয়ান সমুদ্রের দুই রকম ছবি সাউথ পেনিনসুলা থেকেও পরিষ্কার বোঝা গেল। পাহাড়ের গায়ে আছড়ে পড়ছিল উন্মত্ত আটলান্টিকের নীল জলরাশি। অন্যদিকে ক্যারিবিয়ান সমুদ্রের যেন ক্যারিবিয়ানদের মতোই এলায়িত ভঙ্গি! শান্ত সমুদ্রটাকে দূর থেকে বড় একটা ধানমন্ডি লেক বলেই মনে হচ্ছিল।
ফেরার পথে আমরা নামলাম র্যাগে বিচে। সেন্ট কিটস অ্যান্ড নেভিসের নেভিস দ্বীপটা এখান থেকেই দৃষ্টিসীমার সবচেয়ে কাছে। অথচ সেন্ট কিটস থেকে নেভিসে যেতে কোনো নৌযানই নাকি এই পথ ব্যবহার করে না, দুনিয়া ঘুরে তারপর যায়। স্থানীয় লোকজন তো বলেন সেন্ট কিটস থেকে নেভিসের ফ্লাইটও সমুদ্রের এই অংশটার ওপর দিয়ে যায় না। কী এক রহস্যময় কারণে এখান দিয়ে গেলেই নাকি দুর্ঘটনায় পড়তে হয়। প্রকৃতি আসলেই বড় বিচিত্র।
র‌্যাগে বিচে বসে কথা হচ্ছিল তৌহিদুল ইসলামের সঙ্গে। তাঁর দুই মামা কামরুজ্জামান ও আমিরুল আলম এক যুগেরও বেশি সময় ধরে আছেন সেন্ট কিটসে। দুজনই স্থানীয় দুটি প্রতিষ্ঠানের বড় কর্মকর্তা। পরিবার-পরিজন নিয়ে স্থায়ী হয়ে গেছেন শান্তির দ্বীপটাতে। তাঁদের ভাগনে চট্টগ্রামের তৌহিদুল ইসলাম কিছুদিন লন্ডনে থেকে সেন্ট কিটসে এসেছেন ২০১৩ সালে। খুব অল্প সময়ের মধ্যে তিনিও এখন এখানকার একজন প্রতিষ্ঠিত বাংলাদেশি। কাজ করেন স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান ট্রপিক্যাল ওয়ার্ল্ডের অ্যাকাউন্টস ম্যানেজারের পদে। পুরো ক্যারিবীয় অঞ্চলেই বাংলাদেশি কোনো দূতাবাস না থাকায় দুঃখ ঝরে পড়ল তাঁর মুখে, ‘দেশে যাওয়া বা পাসপোর্ট-সংক্রান্ত যেকোনো কাজে আমাদের হয় লন্ডনে অথবা ওয়াশিংটনে যেতে হয়। দিনের পর দিন অপেক্ষা করতে হয়। অথচ এই অঞ্চলে যদি একটা বাংলাদেশি দূতাবাস থাকত, আমাদের জন্য সুবিধা হতো। এখানে আসার জন্য বাংলাদেশের মানুষ আরও বেশি অনুপ্রাণিত বোধ করত।’
সেন্ট কিটসে বাংলাদেশি বলতে এই তৌহিদুল ইসলাম আর কামরুজ্জামান-আমিরুল আলমের পরিবারের সদস্যরাই। বাংলাদেশি বা বাংলাভাষী হলেই আকাশের চাঁদ হাতে পেয়ে যান তাঁরা। সুদূর এই দ্বীপ-দেশেও তাই তাঁদের সবচেয়ে ঘনিষ্ঠ পারিবারিক বন্ধু কলকাতা থেকে আসা স্থানীয় রস ইউনিভার্সিটির শিক্ষক ড. ঘোষ।
বুঝুন, বাংলাদেশ ক্রিকেট দলকে পেয়ে কতটা উদ্বেলিত হয়ে উঠতে পারে এই পরিবার! ‘এখানে বাংলাদেশিরা আসে খুব কম। আমি জীবনে আতহার ভাইকে (ধরাভাষ্যকার আতহার আলী খান) সামনে থেকে দেখিনি, পরিচয়ও নেই। অথচ সেদিন তাঁকে বিমানবন্দরে দেখেই আতহার ভাই, আতহার ভাই বলে চিৎকার করেছি। কারণ, তাঁর সঙ্গে আমি বাংলায় কথা বলতে পারব’—বলছিলেন আবেগে থরথর তৌহিদুল।
তাঁর বাংলাদেশ-প্রেমের উদাহরণ আরও আছে। তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দল হেরে যাওয়ার পরও গ্যালারি থেকে ‘সাবাস টাইগার’ ‘সাবাস টাইগার’ চিৎকার করতে করতে বাংলাদেশের ডেসিংরুমের দিকে চলে এলেন তৌহিদুল। মাথার ওপর তুলে ধরেছিলেন বাংলাদেশের পতাকা। পুলিশের বাধায় অবশ্য ড্রেসিংরুমের সিঁড়ির আগেই থেমে যেতে হলো তাঁকে।
যে পতাকাটা নিয়ে আসছিলেন, সেটারও একটা কাহিনি আছে। লাল-সবুজ কাপড়ে কীভাবে বাংলাদেশের পতাকা বানাতে হবে তা অনেক চেষ্টা করেও দরজিকে বোঝাতে পারছিলেন না তৌহিদুল। পরে গুগলে সার্চ দিয়ে পতাকার ছবি বের করে দেখালেন। ওই ছবি দেখেই বানানো হলো বাংলাদেশের পতাকা। যেটা শুধু ওয়ার্নার পার্কেই বাংলাদেশের অস্তিত্ব ঘোষণা করেনি, পুরো সেন্ট কিটসের জন্যই হয়তো বাংলাদেশের একমাত্র স্মারক!
র‌্যাগে বিচ থেকে হোটেলের দিকে ফিরছি। ফ্রিগেট বের ফার্স্ট রাউন্ডঅ্যাবাউট দিয়ে যাওয়ার সময় আকাশি রঙের একটা ভবন দেখিয়ে তৌহিদুল বললেন, ‘ওই যে...ওটা আমার বাসা।’ আশপাশে আরও অনেক ভবন আছে। তার পরও তৌহিদুল দেখানোমাত্রই চিনে নিতে অসুবিধা হয়নি তাঁর অ্যাপার্টমেন্ট কোনটা। ব্যালকনির দরজায় যে ঝুলে আছে অসীম ভালোবাসায় বানানো সেন্ট কিটসের প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া লাল-সবুজ সেই স্মারক!