সেন্ট ভিনসেন্টে টাই-রোমাঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ করে পাওয়া ছুটির দিনে আনন্দটা অপূর্ণ থাকল সেন্ট ভিনসেন্টবাসীর। আরেকটি ছুটি পাওয়াও হয়তো হলো না। তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের হাতের মুঠোয় চলে আসা জয়টা যে নাটকীয় টাইয়ে ফসকে গেছে।অস্ট্রেলিয়ার ২২০ রান টপকাতে শেষ তিন বলে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল মাত্র ১ রান। শেষ জুটিতে কেমার রোচকে নিয়ে ব্যাট করছিলেন অধিনায়ক ড্যারেন স্যামি। ৫০তম ওভারের তৃতীয় বলে ব্রেট লিকে চার মেরে সমীকরণটাকে সহজ করে এনেছিলেন। চতুর্থ বলে রুদ্ধশ্বাস উত্তেজনা। ক্যারিবীয় উৎসবে জল পড়ল কেমার রোচের ভুলে। অসম্ভব এক রান নিতে গিয়ে তালগোল পাকিয়ে রোচ-সামি দুজন স্ট্রাইকিং প্রান্তে!স্ট্রাইকে ছিলেন স্যামি। বল ঠেলেছিলেন পয়েন্টে, সেখান থেকে বেইলির ছুড়ে দেওয়া বলে নন-স্ট্রাইকিং প্রান্তের উইকেট ভেঙে দিলেন বোলার লি। রোচ স্যামিকে অতিক্রম করে যাওয়ায় আউট হলেন স্যামিই। ম্যাচ টাই! জয় দেখতে দেখতেও দেখা হলো না। তখনো দুই বল বাকি।ওয়েস্ট ইন্ডিজ কতটা হতাশ হতে পারে, না বললেও চলছে। হাতের মুঠো গলে ম্যাচ ফসকে গেল। ম্যাচ শেষে তাই স্যামির আক্ষেপ, ‘আজ আমাদের অবশ্যই জেতা উচিত ছিল। এক থেকে এগারো পর্যন্ত সবাই তাদের দায়িত্ব পালন করেছে। রোচের সঙ্গে উইকেটে দাঁড়িয়ে বলছিলাম, আমরা রান নেব। আমরা পারিনি। এ জন্য আমি কাউকে দোষ দেব না। জিততে পারলাম না, এটা আমাদের জন্য লজ্জার।’টাই ম্যাচ থেকে অস্ট্রেলিয়ার অধিনায়ক ওয়াটসন শেখার অনেক কিছু দেখছেন, ‘এত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ম্যাচে অধিনায়কত্ব করাটা বেশ বড় অভিজ্ঞতা। ছোটখাটো কিছু বিষয় আছে, যেগুলোয় আমাদের উন্নতি করা দরকার। পরিবেশের সঙ্গে আমাদের মানিয়ে নিয়ে ভালো করতে হবে।’এটি ওয়ানডে ইতিহাসের ২৭তম টাই। অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তৃতীয়। ওয়েস্ট ইন্ডিজের ষষ্ঠ ও অস্ট্রেলিয়ার নবম টাই। পাঁচ ম্যাচ চলতি সিরিজের তৃতীয় ম্যাচ শেষে এখন ১-১ সমতা। আগামীকাল ও ২৫ তারিখে সেন্ট লুসিয়ায় হবে শেষ দুটি ওয়ানডে।১৮ মার্চ হয়েছিল দ্বিতীয় ওয়ানডে। সে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের জয়ের আনন্দে এক দিনের ছুটি ঘোষণা করেছিলেন সেন্ট ভিনসেন্টের প্রধানমন্ত্রী রালফ গনজালভেস। ছুটির দিন থাকায় পরশু তৃতীয় ওয়ানডেতে কিংসটাউনের আর্নস ভেল গ্রাউন্ড ছিল দর্শকে টইটম্বুর। ওয়েস্ট ইন্ডিজ জিতলে মাঠে আসাটা পুরো সার্থক হতো দর্শকদের। টাই ম্যাচ সেটি মাটি করলেও একটা রোমাঞ্চ তো ছিলই! ওয়েবসাইট। সংক্ষিপ্ত স্কোরঅস্ট্রেলিয়া: ৪৯.৫ ওভারে ২২০ (ওয়াটসন ১০, ওয়ার্নার ৩৭, ওয়েড ২, বেইলি ৫৯, মাইক হাসি ৬৭, ডেভিড হাসি ১৫, ক্রিস্টিয়ান ১২, লি ০, ম্যাকাই ০, ডোহার্টি ০, লায়ন ৪*, অতি. ১৪; রোচ ২/৪২, ডোয়াইন ব্রাভো ০/৩০, নারাইন ৩/৩২, স্যামি ১/২৭, রাসেল ০/২৮, স্যামুয়েলস ২/৩৯, পোলার্ড ০/১২)। ওয়েস্ট ইন্ডিজ: ৪৯.৪ ওভারে ২২০ (পাওয়েল ১২, চার্লস ৪৫, স্যামুয়েলস ২, ড্যারেন ব্রাভো ০, ডোয়াইন ব্রাভো ১৩, পোলার্ড ৩৬, বাফ ৩৩, রাসেল ৩৭, স্যামি ১০, নারাইন ১০, রোচ ৯*, অতি ১৩; লি ১/৫২, ম্যাকাই ২/৫০, ডোহার্টি ২/৩০, ওয়াটসন ৩/৩০, লায়ন ১/৪১, ক্রিস্টিয়ান ০/১১)।ফল: ম্যাচ টাই।ম্যান অব দ্য ম্যাচ: মাইক হাসি।