সেবার সুপার হিরো, এবার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিছুতেই কমছিল না জ্বর। কাল রাত সাড়ে নয়টার দিকে তাই বিসিবির ডাক্তার-ফিজিওরা হোটেল থেকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন সাকিবকে  শামসুল হক
কিছুতেই কমছিল না জ্বর। কাল রাত সাড়ে নয়টার দিকে তাই বিসিবির ডাক্তার-ফিজিওরা হোটেল থেকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন সাকিবকে শামসুল হক

সুপার হিরোদের দেখা মেলে নাকি কেবল বইয়ের পাতায় আর রুপালি পর্দায়। কে বলল? বাংলাদেশের ক্রিকেটে একজন সুপার হিরো তো বাস্তব রূপ নিয়েই এসেছেন! দলের সেরা বোলার, সেরা ব্যাটসম্যান, সেরা ফিল্ডার—সবই তিনি। ও হ্যাঁ, দলের অধিনায়কও। একজন ক্রিকেটারের পক্ষে যা যা করা সম্ভব, সবই করেন তিনি এবং সবকিছুতেই দলের আর সবার চেয়ে এগিয়ে। সাকিব আল হাসান সুপার হিরো নন তো কী!
খটকা লাগছে তো? সাকিব আর বাংলাদেশের অধিনায়ক নন, সেও প্রায় আড়াই বছর হয়ে গেল! হ্যাঁ, ওপরের ওই লাইন কটিও পুরোনো। যখন সাকিব ছিলেন অধিনায়ক। যখন সাকিব হয়ে উঠেছিলেন রক্ত-মাংসের সুপারম্যান! নিউজিল্যান্ডকে ‘বাংলাওয়াশ’ করার নায়ককে নিয়ে এমনটিই লেখা হয়েছিল ২০১০ সালের ১৮ অক্টোবর, এই প্রথম আলোতেই।
নেতৃত্বটা পেয়েছিলেন দৈবক্রমে। সিরিজের প্রথম ম্যাচে নিজের দ্বিতীয় ওভার শুরুর সময়ই অ্যাংকেলে চোট নিয়ে মাঠ ছাড়লেন মাশরাফি বিন মুর্তজা। পরে ছিটকে গেলেন সিরিজ থেকেই। ওই ম্যাচের বাকি সময়টা থেকেই অধিনায়ক সাকিব। দলের প্রাণভোমরা ছিলেন আগে থেকেই। ওই সিরিজে হয়ে উঠলেন সর্বেসর্বা। সিরিজের সর্বোচ্চ রান ছিল তাঁর (২১৩), সবচেয়ে বেশি উইকেটও (১১টি)। চার ম্যাচের তিনটিতেই ছিলেন ম্যাচসেরা। সিরিজ-সেরাও যে হয়েছিলেন, নিশ্চয়ই আলাদা করে বলতে হবে না!
এখন বাংলাদেশ দলে পারফরমার অনেক। সাকিবকে ছাড়াই গত বছর ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে বাংলাদেশ, এ বছর ড্র করে এসেছে শ্রীলঙ্কায়। তবে আবার যখন আঙিনায় নিউজিল্যান্ড, শুরু হচ্ছে যখন বাংলাদেশ-নিউজিল্যান্ডের আরেকটি ওয়ানডে সিরিজ, সেই সাকিবকে নতুন করে মনে না করে উপায় নেই। সাকিবের সেই অতিমানবীয় পারফরম্যান্সকে স্মরণ করতেই শুরুর ওই লাইন কটির শরণাপন্ন হওয়া।
এই স্মৃতির চাকায় ঘুরে আসার সঙ্গে জড়াজড়ি করে আছে প্রত্যাশাও। দলে এখন পারফরমারের ছড়াছড়ি বটে, কিন্তু এখনো দলের অপরিহার্য অংশ সাকিব। এখনো দলের প্রাণভোমরা। সাকিবের কিছু করা যেমন খবর, কিছু করতে না পারাও বড় খবর। এই ‘ভালো’র মানদণ্ডও তাঁর জন্য আলাদা। সেটাও যৌক্তিক কারণেই। নিজের মানদণ্ড ঠিক করেছেন তিনি নিজেই, বারবার ছাড়িয়ে গেছেন নিজেকে। প্রত্যাশা তো উঁচু তারে বাঁধা থাকবেই! এই চাপ তাই তাঁর নিত্যসঙ্গী। তার পরও প্রতিপক্ষ যখন নিউজিল্যান্ড, সাকিবের কাছে প্রত্যাশা যেন আবার আকাশ ছুঁতে চায়। এমন স্বপ্ন দেখার সাহস তো তিনিই জুগিয়েছেন। আগে যখন পেরেছেন, তবে এবার কেন নয়!
এমনিতে অনুপ্রেরণার জন্য নিজের অতীত পারফরম্যান্স বা সুখস্মৃতির কাছে হাত পেতেছেন, এমন কিছু ভুলেও কখনো উচ্চারণ করেননি সাকিব। তার পরও ২০১০ সিরিজটা কি একটু বাড়তি দোলা দেবে না মনে? ক্যারিয়ারের পাঁচ ওয়ানডে সেঞ্চুরির সর্বশেষটি করেছিলেন সেই সিরিজেই। আবার নিজ আঙিনায় নিউজিল্যান্ডকে পেয়ে তিন অঙ্ক ছোঁয়ার তাড়নাটার আগুন জ্বলে উঠতে পারে মনে।
বাস্তবতা যদিও বলছে, সেবারের পুনরাবৃত্তি এবার খুব কঠিন। চোট কাটিয়ে দলে ফেরার পর এখনো পুরোপুরি ছন্দে ফিরতে পারেননি। টেস্ট সিরিজে উইকেট পেয়েছেন, রানও কিছু করেছেন। কিন্তু ফিটনেস-ফর্ম, কোনো দিক থেকেই সেরা চেহারায় ছিলেন না। ওয়ানডেতেও যে চনমনে হয়ে মাঠে নামবেন, সেই উপায় নেই। কাল সতীর্থরা যখন অনুশীলন করছে, সাকিব তখন ড্রেসিংরুমে বসে জ্বর নিয়ে। সেই সময়ের হালকা জ্বর পরে ছুঁয়েছে ১০৩ ডিগ্রি। রাতে হাসপাতালেও নিতে হয়েছে। অভাবনীয় কিছু হলেই কেবল আজ মাঠে নামতে পারবেন। শেষ মুহূর্তে মাঠে নামলেও এমন জ্বর শরীরে ছাপ রেখে যাবেই।
তবে চ্যাম্পিয়নদের নিয়ে তো শেষ কথা বলে কিছু নেই। কে জানে, সব অনুমানকে ভুল করে ঠিকই মাঠে নেমে যাবেন সাকিব। হয়তো অতিমানবীয় পারফরম্যান্সে আবারও ছাড়িয়ে যাবেন নিজেকে। কিংবা আজ না খেলেও সিরিজের নিয়ামক হয়ে যাবেন পরের দুই ম্যাচেই। সুপার হিরোদের আবির্ভাব তো কল্পনাকে হার মানাতেই!