সেভিয়াকে পিষে ফেললেন রোনালদো-বেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ্যাটট্রিক উদযাপন রোনালদোর। ছবি: রয়টার্স।
হ্যাটট্রিক উদযাপন রোনালদোর। ছবি: রয়টার্স।

সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদে। কিন্তু নতুন ঠিকানায় এসে যেন খুঁজেই পাচ্ছিলেন না নিজেকে। সত্যিকারের গ্যারেথ বেলের দেখা মিলল গত রাতে। নিজে দুটি গোল করলেন, করালেন দুটি। জোড়া গোল করেছেন করিম বেনজেমাও। এর সঙ্গে যোগ হয় ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিক। রোনালদো-বেল-বেনজেমার চোখ ধাঁধানো পারফরম্যান্সে সেভিয়ার বিপক্ষে রিয়াল জিতেছে ৭-৩ গোলে।
ম্যাচের প্রথম দুটি গোলই (১৪ ও ২৭ মিনিট) বেলের। ৩২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্কোরলাইন ৩-০ করেন রোনালদো। তবে প্রথমার্ধেই দুটি গোল শোধ করে ফেলে সেভিয়া। দ্বিতীয়ার্ধে আরও বেশি ভয়ংকর হয়ে ওঠে রিয়াল। রোনালদো ও বেনজেমা দুজনেই সেভিয়ার জালে দুবার করে আঘাত হানেন। বিপরীতে সেভিয়া গোল করতে সমর্থ হয় একটি। রিয়াল খেলোয়াড়দের আধিপত্যের রাতে সেভিয়ার হয়ে রাকিটিক দুটি ও কার্লোস বাক্কা একটি গোল করেন।
গত রাতের জয়ের সুবাদে লা লিগার ১১ ম্যাচে রিয়ালের অর্জন  দাঁড়াল ২৫ পয়েন্ট। লিগে অবস্থান তৃতীয়। সমানসংখ্যক ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে সবার ওপরে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে অ্যাটলেটিকো মাদ্রিদের অর্জন ২৭ পয়েন্ট।
সেভিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের সুবাদে এক লাফে ডিয়োগা কস্তাকে ধরে ফেলেছেন রোনালদো। ১১ গোল নিয়ে প্রতিযোগিতায় এককভাবে শীর্ষে ছিলেন অ্যাটলোটিকো মাদ্রিদ ফরোয়ার্ড কস্তা। পর্তুগিজ উইঙ্গারের গোলসংখ্যাও এখন ১১। পরের অবস্থানটা লিওনেল মেসির। বার্সার আর্জেন্টাইন জাদুকরের গোলসংখ্যা ৮। সূত্র: রয়টার্স।