সেমিতে ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩৭ বলে অপরাজিত ৬৬ রানের ইনিংস খেলার পথে জস বাটলার l এএফপি
৩৭ বলে অপরাজিত ৬৬ রানের ইনিংস খেলার পথে জস বাটলার l এএফপি

ডট, ডট, ডট। শ্রীলঙ্কার ইনিংসের শেষ তিন বলে কোনো রানই হলো না। অ্যাঞ্জেলো ম্যাথুস তখন যেন গ্রিক ট্র্যাজেডির কোনো নায়ক! প্রায় একাই যিনি ম্যাচ জিতিয়ে দিচ্ছিলেন, শেষ তিন বলে ১১ রানের সমীকরণটি তিনি কোনোভাবেই মেলাতে পারলেন না। হতাশ ম্যাথুসকে পাশ কাটিয়ে ততক্ষণে স্টোকসকে নিয়ে জয়োৎসব শুরু করে দিয়েছে ইংল্যান্ড দল। কাল দিল্লিতে শ্রীলঙ্কাকে ১০ রানে হারিয়ে সেমিফাইনালে উঠে গেল হার দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করা ইংল্যান্ড।
শ্রীলঙ্কান ইনিংসের শুরুটা হয়েছে বাজে। তিন ওভারেই ফিরে গেছেন প্রথম চার ব্যাটসম্যান। কাপুগেদারাকে নিয়ে প্রথমে ধাক্কা সামাল দিলেন ম্যাথুস। ৬০ বলে ৮০ রানের জুটিতে ম্যাচে ফিরল শ্রীলঙ্কা। ১৩তম ওভারে কাপুগেদারা ফিরে গেলেও থিসারা পেরেরা ও শানাকাকে সঙ্গী করে ১২ বলে ২২ রানের সহজ এক সমীকরণ বানিয়ে ফেলেছিলেন ম্যাথুস। কিন্তু ক্রিস জর্ডানের দুই ওভারের এক স্পেলে আবারও ম্যাচে ফিরল ইংল্যান্ড। আর স্টোকসও ঠান্ডা মাথায় সামলালেন শেষ ওভারের চাপ।
এর আগে ম্যাচের প্রথমার্ধে ছিল বাটলার-ঝড়। টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকেই খানিকটা চুপচাপ ছিলেন। শ্রীলঙ্কার দুর্ভাগ্য, ঘুম ভাঙার জন্য কালকের দিনটিই বেছে নিলেন জস বাটলার। ইংল্যান্ড ইনিংসের শুরুতে মনে হচ্ছিল দিনটি হবে শ্রীলঙ্কার। প্রথম ৫০ করতেই ৮ ওভার লেগে গেল ইংল্যান্ডের, ১৫ ওভার শেষেও ইংল্যান্ডের রান মাত্র ৯৯। ৩৯ বলে ৪২ রান করা রয়ও ফিরে গেছেন ততক্ষণে। তারপরই বাটলারের মনে হলো, ‘অনেক হয়েছে’। শুরু হলো শ্রীলঙ্কান বোলারদের বেধড়ক পিটুনি। ১৬ বলে ২২ রান করা বাটলার পরের তিন ওভারেই ১২ বলে নিলেন ২৮ রান। ২৮ বলেই পেয়ে গেলেন এ বিশ্বকাপে নিজের প্রথম ফিফটি। ইংল্যান্ডের ইনিংসও ২০ ওভার শেষে রূপ পেল ১৭১। বাটলার তখন অপরাজিত ৬৬ রানে। ৩৭ বলের এই ঝড়ে ছিল ৮ চার ও ২টি ছক্কা। শেষ পর্যন্ত ম্যাথুসকে হারিয়ে দিতে ইংলান্ডের এই স্কোরই যথেষ্ট হলো। ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ২০ ওভারে ১৭১/৪ (বাটলার ৬৬*, রয় ৪২, রুট ২৫, মরগান ২২; ভ্যান্ডারসে ২/২৬, হেরাথ ১/২৭)।
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬১/৮ (ম্যাথুস ৭৩*, কাপুগেদারা ৩০, থিসারা ২০; জর্ডান ৪/২৮, উইলি ২/২৬)।
ফল: ইংল্যান্ড ১০ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: জস বাটলার।