সেমিতে উঠেই ভেনাসের রেকর্ড
২০১৭ যেন ভেনাস উইলিয়ামসের পুনর্জন্মের বছর! কোনো গ্র্যান্ড স্লাম শিরোপা হাতে না উঠলেও ২০০৯ সালের পর এ বছরই প্রথম গ্র্যান্ড স্লামের ফাইনালে খেলেছেন। অস্ট্রেলিয়ান ওপেনের পর খেলেছেন উইম্বলডনের ফাইনালেও। এবার ইউএস ওপেনের ফাইনালেরও খুব কাছে ৩৭ বছর বয়সী ভেনাস। পরশু কোয়ার্টার ফাইনালে ৬-৩, ৩-৬, ৭-৬ (৭/২) গেমে পেত্রা কেভিতোভাকে হারিয়ে উঠে গেছেন সেমিফাইনালে।
ইউএস ওপেনের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সেমিফাইনালিস্ট এখন ভেনাস। পরশুর জয়ে দারুণ উচ্ছ্বসিত মার্কিন তারকা। শুধু এই রেকর্ডের জন্য নয়, তাঁর খুশি হওয়ার আরও কারণ আছে। ম্যাচটি ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আর সেই ম্যাচে তিনি এমন একজনকে হারিয়েছেন, যাঁর বিপক্ষে আগের পাঁচ ম্যাচে জিতেছিলেন মাত্র একবার। ‘সৌভাগ্য যে আমি জিততে পেরেছি। হাড্ডাহাড্ডি একটা লড়াই হয়েছে। আমি নিজেকে এটাই বলার চেষ্টা করেছি—লড়াইটা উপভোগ করো। মনে হয়, আমি সেটা করতে পেরেছি’—জয়ের পর ভেনাসের প্রতিক্রিয়া। ১৯৯৪ সালের উইম্বলডনে মার্টিনা নাভ্রাতিলোভার পর ভেনাসই যেকোনো গ্র্যান্ড স্লামের শেষ চারে ওঠা বয়োজ্যেষ্ঠ প্রতিযোগী।
সেমিতে আমেরিকান ভেনাসের প্রতিপক্ষ তাঁরই স্বদেশি স্লোন স্টিভেনস। ২৪ বছর বয়সী এই প্রতিযোগী শেষ আটে ৬-৩, ৩-৬, ৭-৬ (৭/৪) গেমে হারিয়েছেন লাটভিয়ার আনাস্তাসিয়া সেভাসতোভাকে।
পুরুষ বিভাগে যুক্তরাষ্ট্রের স্যাম কোয়েরিকে হারিয়ে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে উঠেছেন দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসন। শেষ চারে উঠেছেন স্পেনের পাবলো কারেনো-বুস্তাও। তথ্যসূত্র: এএফপি, রয়টার্স।