সেমিতে এক পা বায়ার্নের
জিয়ানলুইজি বুফন আর আন্দ্রেয়া পিরলো পরশু রাতে হয়তো ঘুমাতেই পারেননি। বিছানায় শরীর এলিয়ে দিয়ে বারবারই হয়তো দুঃস্বপ্নে চমকে উঠেছেন।জুভেন্টাসের অভিজ্ঞ এই দুই সেনানীকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। দুজনই নিজ নিজ পজিশনে বিশ্বের অন্যতম সেরা। কিন্তু মিউনিখের রাতটা পরশু বিভীষিকাময় কাটল দুজনেরই। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জুভেন্টাস যে ২-০ গোলে হারল, তার বড় দায়টা এই দুজনেরই!পিরলো-বুফন সেই দায় এড়িয়েও যাচ্ছেন না। পিরলো তো জুভেন্টাস সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন। তবে তাঁদের ভুলের নিচে বায়ার্ন মিউনিখের কৃতিত্বকে আড়াল করা যাচ্ছে না। ডেভিড আলাবা ও টমাস মুলারের গোলে নিজেদের মাঠে যোগ্যতর দল হিসেবেই সেমিতে এক পা দিয়ে রাখল বায়ার্ন।গত তিন মৌসুমে দুবারই ফাইনালে খেলা বায়ার্ন গোল পেয়ে যায় বাঁশি বাজার ২৬ সেকেন্ডের মধ্যেই। ৩৫ মিটার দূর থেকে বায়ার্নের অস্ট্রিয়ান ডিফেন্ডার ডেভিড আলাবার বাঁ পায়ের এক বুলেট শট জুভেন্টাস ডিফেন্ডার আরতুরো ভিদালের গায়ে লেগে ঢুকে যায় জালে। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসেই দ্রুততম গোলগুলোর একটি এটি। অতর্কিতে এই গোল খেয়ে হকচকিয়ে যায় জুভেন্টাস। এই ধাক্কাটা আর সামলে নিতে পারেনি তারা। জুভদের মনোবল ভেঙে দেওয়া এই গোলের দায় পিরলো-বুফন দুজনেরই!নিজেদের রক্ষণসীমানা থেকে ক্লিয়ার করতে গিয়ে পিরলো বল তুলে দেন বাস্তিয়ান শোয়েনস্টাইগারের পায়ে। বায়ার্নের মিডফিল্ডার বল বাড়ান আলাবার দিকে। আলাবার জোরালো শট ভিদালের গায়ে লাগায় বিভ্রান্ত হন বুফন। যদিও সেটা তাঁর নামের সঙ্গে যায় না!শুরুতেই গোল পাওয়ায় উজ্জীবিত বায়ার্ন আক্রমণের ঢেউ তুলে যায় শুরু থেকে শেষ পর্যন্ত। এরই ফল ৬৩ মিনিটে তাদের দ্বিতীয় গোলটি। লুইস গুস্তাভোর শট বুফন ঠেকালেও বল যায় মানজুকিচের পায়ে। ক্রোট ফরোয়ার্ড আলতো করে ঠেলে দেন মুলারকে। করমর্দনের দূরত্ব থেকে মুলার ভুল করেননি। অনেকের মতেই গুস্তাভোর শটটি বুফনের মাপের গোলরক্ষকের ধরে ফেলা উচিত ছিল।যে সুযোগ পেয়েছে, বায়ার্ন গোল পেতে পারত আরও ৩-৪টি। সেটা না হলেও দলের পারফরম্যান্সে খুশি কোচ ইয়ুপ হেইঙ্কস, ‘আমরা খুশি, জয় পেয়েছি এবং ইতালিয়ান দলটিকে গোলশূন্য রাখতে পেরেছি।’ গোলশূন্য রাখার কথা বলে বায়ার্ন কোচ ইঙ্গিত দিলেন জুভেন্টাসের কঠিন লড়াইয়ের। জার্মানির দলগুলোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আগের পাঁচটিই জেতা জুভদের সেমির স্বপ্ন পূরণ করতে হলে আগামী সপ্তাহে নিজেদের মাঠের ফিরতি লেগে জিততে হবে বড় ব্যবধানে। এএফপি, রয়টার্স।ভুল স্বীকার করে পিরলো তাকাচ্ছেন সেই দিকেই, ‘আমি দুঃখিত, আমি অনেক ভুল করেছি। তবে এখনো আমাদের হাতে ফিরতি লেগটি আছে। অবশ্য বায়ার্ন আজ দেখিয়েছে, তারা আমাদের চেয়ে ভালো দল।’ বায়ার্নকে কৃতিত্ব দিচ্ছেন বুফনও, ‘কৃতিত্ব প্রতিপক্ষের, ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে। জয়টা তাদের পাওনাই।’