সেমিতে ওঠা হলো না জিমিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শক্তিশালী মিসরের সঙ্গে বাংলাদেশ দল পেরে উঠবে না অনুমান করা গিয়েছিল আগেই। আজ মাঠেও সেটিই হলো। বাংলাদেশ দলের হারের ব্যবধানটাও বেশ বড়, ৫-১। এই হারে ঘরের মাঠে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডের সেমিফাইনালে খেলার স্বপ্ন পূরণ অপূর্ণই থাকল জিমি-চয়নদের।
তবে টুর্নামেন্ট শেষ হয়েও হয়নি শেষ। বাংলাদেশকে এখন খেলতে হবে আরও দুটি ম্যাচ। আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে জিতলে সুযোগ মিলবে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচ খেলার। হারলে খেলতে হবে সপ্তম স্থান নির্ধারণী ম্যাচ।
আজ মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু থেকেই বাংলাদেশকে চেপে ধরে মিসর। ৪ মিনিটেই নিজেদের প্রথম পেনাল্টি কর্নার থেকে গোল করে মিসরকে এগিয়ে দেন মাহমুদ। ১৭ মিনিটে আনোয়ারের স্টিকে স্কোরলাইন হয় ২-০। দুই মিনিট পরই মঈনুল কৌশিক গোল করে ব্যবধান কমালে সবাই নড়েচড়ে বসেছিল। কিন্তু নিজেদের ভুল আর গোল নষ্ট করে ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ। উপরন্তু ৩০, ৪৯ ও ৫৫ মিনিটে আরও তিন গোল খেয়ে বড় হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে।