সেমিতে ওঠার মরণলড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলেছেন। এশিয়া কাপের প্রথম ম্যাচ ও ফাইনালে নিয়েছেন ৫ উইকেট। দুবারই ম্যাচসেরা। এই বিশ্বকাপে তো খেলছেনই। অথচ কালই তাঁকে হাতের নাগালে পাওয়া গেল প্রথম। মাস দেড়েক বাংলাদেশে থাকলেও কালই প্রথম সংবাদ সম্মেলনে এলেন লাসিথ মালিঙ্গা!
এলেন আসলে উপায় ছিল না বলেই। ‘স্লিঙ্গা’ মালিঙ্গা যে আজ অধিনায়ক! নিষেধাজ্ঞার খাঁড়ায় নেই নিয়মিত অধিনায়ক দিনেশ চান্ডিমাল, দায়িত্ব তাই ডেপুটির কাঁধে। ১০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে আজ প্রথমবার দেশের হয়ে টস করতে নামছেন মালিঙ্গা। অথচ সেটিই কি না এমন বাঁচা-মরার ম্যাচ!
সপ্তাহ খানেক আগেও এই গ্রুপে তো বটেই, টুর্নামেন্টের শিরোপা জয়েও ফেবারিট ছিল শ্রীলঙ্কা। সেই দলটিরই টুর্নামেন্ট শেষ হয়ে যেতে পারে আজ। গত ২৪ জানুয়ারি বাংলাদেশে পা রাখার পর হার ব্যাপারটিই ভুলে যেতে বসেছিল লঙ্কানরা। তিনটি সিরিজ-টুর্নামেন্ট মিলিয়ে হারেনি ১৪টি ম্যাচে। শুধু একটি হারে আজ তারা খাদের কিনারায়। আজ হারলেই বাদ।
সমীকরণ একই নিউজিল্যান্ডের জন্যও। তবে এখনো সেমিফাইনালের আশা টিকে থাকায় নিজেদের খানিকটা ভাগ্যবানও ভাবতে পারেন ম্যাককালামরা। হল্যান্ডের বিপক্ষে তাদের জয়টা প্রত্যাশিতই ছিল। আর ইংল্যান্ডের বিপক্ষে জিতেছে ৬ ওভার না খেলেই। ডাকওয়ার্থ-লুইসে পাওয়া সেই জয় নিয়ে এখনো সুযোগ পেলে আকারে-ইঙ্গিতে খুঁচিয়ে যাচ্ছে ইংলিশরা। তবে আজ শ্রীলঙ্কাকে হারালে কিউইদের সেমির জায়গা নিয়ে প্রশ্ন থাকবে না কারও।
যে কারণে টুর্নামেন্টের ফেবারিট শ্রীলঙ্কা, সেই কারণেই আজকের ম্যাচে তাদের এগিয়ে থাকার কথা। কিন্তু এই চট্টগ্রামেই বাংলাদেশ সিরিজে যে কন্ডিশনে খেলেছে লঙ্কানরা, সেটির সঙ্গে এখনকার উইকেটের পার্থক্য আকাশ-পাতাল। স্পিনবান্ধব সেই মন্থর উইকেটের জায়গায় এখন ঘাসের ছোঁয়া থাকা শক্ত উইকেট, যেটি কথা বলছে ব্যাটসম্যান-পেসার-স্পিনার সবার হয়েই। গত কিছুদিনে যে উইকেট দারুণ প্রশংসা পেয়েছে ব্রড-ডি ভিলিয়ার্স-ম্যাককালামদের কাছে। আর উপমহাদেশে এসে যখন ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কোনো উইকেটের প্রশংসা করেন, জয়াবর্ধনে-সাঙ্গাকারাদের তাতে খুশি হওয়ার কোনো কারণ থাকে না।
শক্তি-সামর্থ্যের পুঙ্খানুপুঙ্খ বিচারে শ্রীলঙ্কাকে এগিয়ে রাখতে হলেও আজ আসলে ফেবারিট নয় কোনো দলই। এমন চাপের ম্যাচে ফেবারিট-তত্ত্ব খুব একটা খাটেও না। ম্যাককালামের ডেপুটি উইলিয়ামস আর ডেপুটি হয়ে মূল দায়িত্ব পাওয়া মালিঙ্গা অবশ্য কাল বারবার বললেন চাপ বলে কিছু নেই। কিন্তু এই বাঁচা-মরার ম্যাচে চাপ না থাকলে থাকে কোন ম্যাচে! এই চাপ আর রাতের শিশিরকে ভালোভাবে সামলাতে পারবে যে দল, সেমির টিকিট হাতে হাসিমুখে পোজ দেবেন তাঁরাই।