সেমিতে গুয়াংজু-ক্যাসাব্লাঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
logo
logo

গুয়াংজু এভারগ্রান্ডে এ বছরই প্রথমবারের মতো জিতেছে এএফসি চ্যাম্পিয়নস লিগের শিরোপা। সেই সুবাদে প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপ খেলতে নেমেই চীনা ক্লাবটি উঠে গেছে সেমিফাইনালে। পরশু কোয়ার্টার ফাইনালে আফ্রিকান চ্যাম্পিয়ন মিসরের আল-আহলিকে ২-০ গোলে হারিয়েছে গুয়াংজু। দ্বিতীয়ার্ধে গোল দুটি করেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার এলকেসন ও আর্জেন্টাইন দারিও কঙ্কা।
অন্য কোয়ার্টার ফাইনালে ঘটেছে অঘটন। কনক্যাকাফ চ্যাম্পিয়ন মেক্সিকান ক্লাব মন্তেরেইকে ২-১ গোলে হারিয়ে সেমিতে উঠেছে স্বাগতিক মরক্কোর রাজা ক্যাসাব্লাঙ্কা। অবশ্য গুয়াংজু স্বপ্নযাত্রার হয়তো থেমে যাচ্ছে সেমিতেই। আগামীকাল প্রথম সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ইউরোপিয়ান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। গুয়াংজুর ইতালিয়ান কোচ মার্সেলো লিপ্পি কিন্তু আশা ছাড়ছেন না, ‘আমরা যদি বায়ার্নের সঙ্গে ১০০ বার খেলি, ৯৯ বারই হয়তো বায়ার্ন জিতবে। কিন্তু একবার আমরা জিততে পারি। এটাই আমার দর্শন।’ বুধবার দ্বিতীয় সেমিফাইনালে ক্যাসাব্লাঙ্কার প্রতিপক্ষ কোপা লিবার্তাদোরেস চ্যাম্পিয়ন রোনালদিনহোর অ্যাটলেটিকো মিনেইরো। রয়টার্স।