সেমিতে চোখ অলিম্পিক দলের
যশোরে বাহরাইনের বিপক্ষে এগিয়ে গিয়েও ড্র করেছে বাংলাদেশ অলিম্পিক দল। কিন্তু ঢাকায় জয়ের স্বপ্নই দেখছে যুবারা। আজ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ মালদ্বীপ। এই মালদ্বীপ যশোরে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৩-২ গোলে জিতেছে কম্বোডিয়ার বিপক্ষে। আজ মালদ্বীপকে হারাতে পারলে বাংলাদেশ অলিম্পিক দলের সেমিফাইনালে ওঠা নিশ্চিত হয়ে যাবে অনেকটাই।
মালদ্বীপের এই দলটিতে রয়েছে সর্বশেষ সাফে খেলা পাঁচজন ফুটবলার। তবে বেশির ভাগ অনূর্ধ্ব-২৩ বয়সী ফুটবলারদের নিয়ে গড়া দলটি এসএ গেমসের প্রস্তুতির অংশ হিসেবেই খেলছে এই টুর্নামেন্টে। এই দলটিকেও যে মোটেও সহজভাবে নিতে পারছেন না বাংলাদেশ অলিম্পিক দলের সহকারী কোচ গোলাম জিলানী, ‘মালদ্বীপের এই দলটাই সাফে বাংলাদেশ জাতীয় দলকে হারিয়েছিল। ওই দলের আলী আশফাক ছাড়া সবাই এসেছে। ওরা কঠিন প্রতিপক্ষই। আমরা কাউকেই খাটো করে দেখছি না। তবে পয়েন্ট পাওয়ার আশাতেই মাঠে নামব এই ম্যাচে। বাহরাইনের বিপেক্ষ ম্যাচের মতোই পারফরম্যান্স যদি ধরে রাখতে পারে ছেলেরা, আশা করি জিততে পারব।’
জয়ের স্বপ্নই দেখছেন অধিনায়ক রেজাউল করিম, ‘সেমিফাইনালে খেলতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। সবাই শতভাগ উজাড় করে খেললে জেতা অসম্ভব কিছু না।’ যশোরে শামস-উল হুদা স্টেডিয়ামে বসে মালদ্বীপ-কম্বোডিয়া ম্যাচটি দেখতে পারেননি খেলোয়াড়েরা। ঢাকায় এসে এই ম্যাচের ভিডিও দেখেছেন। ফরোয়ার্ড রুবেল মিয়ারই শুধু চোট-সমস্যা আছে। পরশু তিনি অনুশীলনই করতে পারেননি হ্যামস্ট্রিংয়ে টান লাগায়। কাল সকালে করেছেন হালকা অনুশীলন। আজ একাদশে তাঁকে না-ও দেখা যেতে পারে।
মালদ্বীপের কোচ রিকি লয়েড হারবার্টও আজ জয়ের আশাই করছেন, ‘বাংলাদেশকে মোটেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তারপরও আমরা জয়ের জন্যই মাঠে নামব।’