
টি-টোয়েন্টি বিশ্বকাপের সফলতম দল তারা। সাফল্যের ধারাটা পাকিস্তান ধরে রাখতে চাইছে এবারও। আজ বাংলাদেশের বিপক্ষে ম্যাচ পাকিস্তানের। কাল সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ হাফিজ প্রত্যয়ী কণ্ঠে জানিয়ে দিলেন চোখ তাঁদের সেমিফাইনালে।
ভারতের কাছে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করা পাকিস্তানের জন্য কাজটা একটু কঠিন। সে জন্য হাফিজের দলকে জিততে হবে বাকি দুই ম্যাচেই। বাংলাদেশের বিপক্ষে জিতলে মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটা হয়ে যাবে অলিখিত কোয়ার্টার ফাইনাল। হাফিজ আত্মবিশ্বাসী, ‘আমাদের সামনের ছবিটা খুব পরিষ্কার। শেষ চার নিশ্চিত করতে আমাদের বাকি দুই ম্যাচই জিতবে হবে। এখন ভুল করার সুযোগ নেই।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর এক সপ্তাহের বিরতি মেলায় শারীরিক-মানসিক দুই দিক থেকেই উজ্জীবিত পাকিস্তান। দলের এই ফুরফুরে ভাবটাই সাহস জোগাচ্ছে হাফিজকে। পাকিস্তান অধিনায়ক নিজেই বলছেন এক সপ্তাহের বিরতিটা কাজে দিয়েছে। বিশেষ করে অস্ট্রেলিয়ার ম্যাচে ৫৪ বলে ৯৪ রানের ইনিংস খেলার পথে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া উমর আকমল সেরে ওঠায় হাফিজ খুশি, ‘গত ছয় দিনে আমরা অনুশীলনে কঠোর পরিশ্রম করেছি। টিম ম্যানেজমেন্ট এবং কোচরা আমাদের দুর্বলতাগুলো নিয়ে কাজ করেছেন।’ এএফপি।
সবার আগে সেমিতে ওঠা ভারতকে নিয়েও বলেছেন হাফিজ, ‘ভারত টুর্নামেন্টে খুব ভালো ক্রিকেট খেলেছে। এটা ভালো যে তারা সেমিতে উঠে গেছে। বাকি দলগুলোও জানে সেমিতে যেতে হলে কী করতে হবে।’ সেমির কথা মুখে বললেও হাফিজের মনের আশাটা আরও বড়, ‘প্রত্যাশা সব সময় উঁচুই থাকে। আমাদের লক্ষ্য শুধু সেমিফাইনাল নয়, আমরা টুর্নামেন্ট জিততে চাই।’