সেমিতে জভনারেভার মুখোমুখি ক্লাইস্টার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের এককে সেমিফাইনালে মুখোমুখি হবেন ইউএস ওপেন বিজয়ী বেলজিয়ান তারকা কিম ক্লাইস্টার্স ও রাশিয়ান ভেরা জভনারেভা। আজ বুধবার ক্লাইস্টার্স পোল্যান্ডের অ্যাজিনেস্কা রাদোয়ানস্কাকে ৬-৩ ৭-৬ (৭/৪)-এ পরাজিত করেন। এই নিয়ে ষষ্ঠবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতে নিজের জায়গা করে নিলেন ক্লাইস্টার্স।এদিকে, রাশিয়ান তারকা ভেরা জভনারেভা ৬-২, ৬-৪-এ হারান পেট্রা কেভিটোভাকে।রাদোয়ানস্কার বিপক্ষে জয় পেলেও ক্লাইস্টার্সের পথচলা খুব একটা সহজ ছিলনা। দ্বিতীয় সেটে রাদোয়ানস্কা বিশ্বের তৃতীয় র্যাংকিংধারী নারী টেনিস তারকাকে ভয়ঙ্করভাবে চেপে ধরেন। তবে, রাদোয়ানস্কার অনভিজ্ঞতা এ যাত্রায় ক্লাইস্টার্সকে বাঁচিয়ে দিয়েছে।তবে, রাদোয়ানস্কার বিপক্ষে ম্যাচটি নিয়ে ক্লাইস্টার্স যে তেমন একটা খুশি হতে পারছেন না তা প্রকাশিত হয়েছে তাঁর কথাতেই। তিনি বলেছেন, ‘আজ যা খেলেছি সেমিতে সেটা খেললে জাভোনারেভার সঙ্গে আমাকে আর প্রতিদ্বন্দ্বীতা করতে হবে না।’ ক্লাইস্টার্সের সরল স্বীকারেক্তি।তিনি আরো বলেছেন, ‘জভনারেভার বিপক্ষে প্রতিটি ক্ষেত্রেই আমায় উন্নতি করতে হবে।’অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠলেও ক্লাইস্টার্স নিজেই বলেছেন, ‘অস্ট্রেলিয়াতে আমি যে ধরনের খেলা খেলছি, তা কোনোমতেই আমার সেরা টেনিস হতে পারেনা।’অন্যদিকে, জভনারেভা চেক প্রজাতন্ত্রের পেট্রা কেভিটোভাকে রীতিমতো উড়িয়ে দিয়েই সেমিতে স্থান করে নিয়েছেন। ম্যাচটির সময় ‘অস্ট্রেলিয়া ডে’ উপলক্ষ্যে কোর্টের আশে-পাশেই তোপধ্বনি চলছিল। সেই তোপধ্বনির মধ্যেও জাভোনারেভা যা খেলেছেন, তাতে ক্লাইস্টার্স আতঙ্কিত হলেও হতে পারেন। রয়টার্স।