সেমিতে জাপান-উজবেকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার ধারণা, তাসখন্দের তিন কোটি মানুষ খুবই খুশি। কারণ উজবেকিস্তান সেমিফাইনালে উঠেছে’—সংবাদ সম্মেলনে এটা ছিল উজবেকিস্তানের কোচ ভাদিম আব্রামোভের প্রথম কথা। ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান কাপের সেমিফাইনালে উঠেছে উজবেকিস্তান। উজবেকদের আনন্দের খবরটি কোচ আব্রামোভের না দিলেও তাই চলত। তবে তিনি উৎসবের রেশ টেনে আনতে চেয়েছিলেন সংবাদ সম্মেলনেও।উজবেকদের মতো আবেগময় না হলেও উৎসব হচ্ছে জাপানেও। স্বাগতিক কাতারকে হারিয়ে (৩-২) রেকর্ড চতুর্থবারের মতো শিরোপা জয়ের পথে শেষ চারে জায়গা করে নিয়েছে তারাও। সেমিফাইনালে উজবেকিস্তানের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। জাপানের সামনে দক্ষিণ কোরিয়া। গতকাল দুটি কোয়ার্টার ফাইনালই নিষ্পত্তি হয়েছে অতিরিক্ত সময়ে। প্রথম ম্যাচে কেওয়েলের ১১৭ মিনিটের গোলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইরাককে (১-০) হারিয়েছে অস্ট্রেলিয়া। ফেবারিট ইরানের বিপক্ষে দক্ষিণ কোরিয়াকে জিতিয়েছে বদলি হিসেবে নামা ইউন বিত গা-র‌্যামের ১০৫ মিনিটের গোল। উৎসব হতে পারত জর্ডান, কাতারেও। কাতার তো কোয়ার্টার ফাইনালে উঠেই গড়ে ইতিহাস। জিতলে জর্ডানও প্রথমবারের মতো পা রাখত এশিয়ান কাপের সেমিফাইনালে। কিন্তু পারেনি তারা। জর্ডান পেরে ওঠেনি উজবেকিস্তানের স্ট্রাইকার উলুগবেক বাকায়েভের কাছে। দ্বিতীয়ার্ধের প্রথম ৪ মিনিটেই ২ গোল করে বাকায়েভই উজবেকিস্তানকে দাঁড় করান ইতিহাসের বাঁকে। আর ২-২ গোলে সমতা অবস্থায় কাতারকে কাঁদিয়েছে ইনোহা। ম্যাচের শেষ মিনিটে গোল করে এই রক্ষণস্তম্ভই জাপানকে তুলে দিয়েছেন সেমিফাইনালে।জিতলেই ইতিহাসের পাতায়, উজবেকিস্তান-জর্ডানের ম্যাচে তাই শুরু থেকেই ছিল স্নায়ুর পরীক্ষা। বল দখলের লড়াইয়ে প্রায়ই ফুঠে উঠছিল তার প্রতিফলন। জর্ডান অধিনায়ক ইয়াসিন তো তাঁর কয়েকটা দাঁতই হারিয়ে ফেলেছেন! উজবেকিস্তানের গোলরক্ষক ইগনেতাই নেস্তেরভ আহত হন নিজ দলেরই এক খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে। ইতিহাসের পথ থেকে বিদায় নেওয়াটা কষ্টের। তবে নিজেদের পারফরম্যান্সে অখুশি নয় জর্ডান ও কাতার। জর্ডানের ইরাকি কোচ আদনান হামাদ বলেছেন, জর্ডানিরা দলের পারফরম্যান্সে গর্বই করতে পারে। কাতারের ফরাসি কোচ ব্রুনো মেটসু বলেছেন, ‘দল দারুণ খেলেছে।’ এএফপি।