সেমিতে তো চলেই গেল রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদ্রিদ থেকে ইস্তাম্বুলের দূরত্ব কত—সেটাই হাতে-কলমে বুঝিয়ে দিলেন ক্রিস্টিয়ানো রোনালদোরা। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল যে তাদের আসল জায়গা নয়, সেটাও যেন বুঝতে পারল গ্যালাতাসারাই। পরশু নিজেদের মাঠে তুরস্কের চমক-জাগানিয়া দলটিকে বাস্তবের মাটিতে নামিয়ে রিয়াল উড়িয়ে দিল ৩-০ গোলে। বড় অঘটন এই পৃথিবীতে এত সুলভ নয়। আর তাই বলতেই পারেন, ফিরতি লেগটা ব্যাংকে জমা রেখেই সেমিফাইনালে চলে গেল দশম শিরোপার জন্য বুভুক্ষু স্পেন চ্যাম্পিয়নরা। একই রাতে স্পেনের অন্য ম্যাচে গোল হয়নি একটিও। নিজেদের মাঠে বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে গোলশূন্য ড্র করেছে মালাগা। ঘরের মাঠের সুবিধা নিতে পারল না হোসে ম্যানুয়েল পেলেগ্রিনির দল। জার্মানিতে গিয়ে জয় নিয়ে ফেরাটা মালাগার জন্য দুরাশাই। রিয়াল যেমন শেষ চারে এক পা দিয়ে রাখল, প্রতিবেশী মালাগাকেও চোখ রাঙাচ্ছে বাদ পড়ার শঙ্কা।নিজেদের মাঠে প্রথম লেগটি খেলার সর্বোচ্চ সুবিধা যে নিতে হবে, এই কথা হোসে মরিনহো সেই কবে থেকে বলে আসছেন। শিষ্যরা গুরুর একান্ত অনুগতের মতোই খেললেন মাঠে। আক্রমণভাগে দুর্দান্ত কিন্তু রক্ষণে নবিশ—এমন একটা দলের বিপক্ষে ৯ মিনিটেই গোলমুখ খুললেন ক্রিস্টিয়ানো রোনালদো। রক্ষণকে বিভ্রান্ত করে তাঁর কাছে পৌঁছানো দুর্দান্ত থ্রু বলটি তার চেয়েও দুর্দান্ত চিপ করে রোনালদো পাঠিয়েছেন জালে। মাঠেই উপস্থিত বুরাক ইলমাজকে যেন হাতে-কলমে রোনালদো-অধ্যায় শেখানো! শুধু তা-ই নয়, ইলমাজের মতো চিরপ্রতিদ্বন্দ্বী মেসিকেও ছিটকে দিয়ে আবার এককভাবে শীর্ষ গোলদাতা হয়ে গেলেন এই পর্তুগিজ।২৯ মিনিটে করিম বেনজেমা ২-০ করে ফেলার পর মনে হচ্ছিল কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ পর্বে এসে না লজ্জায় পড়ে যায় ফাতিহ তেরিমের দল। পূর্বাভাস অনুযায়ী বর্ষণ অবশ্য হয়নি। তবে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামার কয়েক মিনিটের মধ্যে গঞ্জালো হিগুয়েইনের ফ্রি হেডার গ্যালাতাসারাইয়ের নড়বড়ে রক্ষণকে আরও পরিষ্কার করে দিল। তবে আক্রমণে বেশ উজ্জ্বল ছিল তুর্কি দলটি। বিশেষ করে দিদিয়ের দ্রগবা। একটি পেনাল্টি থেকে বঞ্চিতও হয়েছে তারা। তবে দিন শেষে যা স্কোরলাইন, তাতে এসব অভিযোগ তোলাটা অর্থহীন। তবুও তেরিম বলেছেন, ‘রিয়াল মাদ্রিদের নাম দেখেই রেফারি ঘাবড়ে গিয়েছিল। এই পর্যায়ে রেফারি হওয়ার যোগ্য তিনি নন। পরিষ্কার হ্যান্ডবলের পরেও তিনি পেনাল্টি দেখেন না, তাঁর এখানে থাকা উচিত নয়।’ তবে নিজের দলের দুর্বলতাও তুর্কি কোচ মেনে নিয়েছেন, ‘দুই দলের এবং খেলোয়াড়দের মধে পার্থক্য স্পষ্ট। আমি নিশ্চিত আমার খেলোয়াড়েরা পরিস্থিতি পাল্টানোর চেষ্টা করেছে কিন্তু পারেনি।’ ফিরতি লেগে আশায় আর বুক বাঁধতে পারছেন না তেরিম, ‘৩-০ হওয়ার পর আমাদের একটা অলৌকিক ঘটনার প্রয়োজন।’মরিনহোর নিন্দুকেরা যতই গালমন্দ করুন, কোচ হিসেবে তিনি রক্ষণকে আক্রমণের চেয়েও বেশি গুরুত্ব দেন কখনো কখনো। দুইয়ের ভারসাম্য না থাকলে কী হয় আগের দিন বার্সেলোনা দুটো গোল হজম করে বুঝিয়ে দিয়েছে। পর্তুগিজ কোচের কাছে ৩ গোল দেওয়ার চেয়ে তাই বেশি তৃপ্তি দিল তাঁর অটুট রক্ষণ। সবচেয়ে বড় কথা প্রতিপক্ষের নামের দিকে তাকিয়ে যে শিষ্যরা খেলেনি তাতেই তিনি ভীষণ খুশি, ‘আমরা অনেক সিরিয়াস ছিলাম, অনেক ভারসাম্যপূর্ণ একটা ম্যাচ খেলেছি। রক্ষণকাজে ছিলাম দারুণ, পাল্টা আক্রমণে ছিলাম ভয়ংকর। খেলোয়াড়েরা ভালো করেই জানে, টুর্নামেন্টের এই পর্যায়ে ছোটখাটো অনেক বিষয়ও বড় ব্যবধান গড়ে দিতে পারে।’ এএফপি, রয়টার্স।