সেমিতে থামলেন পিস্টোরিয়াস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়-পরাজয়, সাফল্য-ব্যর্থতার ঊর্ধ্বে উঠে গেছেন অনেক আগেই। তার পরও প্রতিযোগিতার নিয়ম বলেই জয়-হার আসে। তিনি নিজে যেমন জানতেন, সবাই তেমনি জানত একসময় থামতে হবেই। অস্কার পিস্টোরিয়াসকেও থামতে হলো। ৪০০ মিটারের দুই নম্বর সেমিফাইনালে সবার শেষে দৌড় শেষ করেছেন ‘ব্লেড রানার।’ কিন্তু একে কি হার বলা যাবে? পিস্টোরিয়াসের কি আদৌ হারানোর কিছু আছে? প্রবল ইচ্ছাশক্তি, অদম্য মানসিকতার সঙ্গে কঠোর পরিশ্রম যোগ হলে মানুষের পক্ষে যে অসম্ভব বলে কিছু থাকে না, এর প্রমাণ দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। ফাইবারের পা জোড়া নিয়ে প্রতিবার যখন অলিম্পিকের ট্র্যাকে নামছেন, একেকটি জয়ের গল্প রচিত হচ্ছে ততবারই!পরশু রাতেও যেমন সবার পেছনে শেষ করেও জিতলেন আসলে পিস্টোরিয়াসই। ট্র্যাকে দাঁড়ানোর পর মাইকে তাঁর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে গ্যলারি থেকে যে চিৎকারটা শোনা গেল, অলিম্পিক স্টেডিয়ামে এমন সম্ভাষণ কেবল ব্রিটিশ প্রতিযোগিরাই পেয়েছে। পিস্টোরিয়াসের দৌড় শেষ হতেই ছুটে এলেন বিশ্ব চ্যাম্পিয়ন কিরানি জেমস, জড়িয়ে ধরে ফুটবলের জার্সি বদলের মতো বদল করলেন একে অন্যের নামফলক। জেমসের কণ্ঠে ধ্বনিত হলো, আসল বিজয়ী পিস্টোরিয়াসই, ‘অস্কার বিশেষ একজন, ওর পাশে একই সঙ্গে দৌড়াতে পারা আমার জন্য স্মরণীয় এক ঘটনা। আমাদের সবার জন্য অনুপ্রেরণা ও।’নিজের সেরাটা অবশ্য পরশু দেখাতে পারেননি পিস্টোরিয়াস। প্রথম রাউন্ডে ৪৫.৪৪ সেকেন্ড সময় নিয়েছিলেন, সেমিফাইনালে নিলেন ৪৬.৫৪। তবে যা পেয়েছেন তাতেই তৃপ্ত ২৫ বছর বয়সী অ্যাথলেট, ‘পুরো অভিজ্ঞতাটাই অসাধারণ। বর্ণনার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আমি এখানে কিছু প্রমাণ করতে আসিনি, চেয়েছি স্রেফ নিজেকে উজাড় করে দিতে। লক্ষ্য ছিল অন্তত সেমিফাইনালে আসা, সেই স্বপ্ন সত্যি হয়েছে। এমন সমর্থন আর ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ।’পিস্টোরিয়াসের অলিম্পিক অবশ্য এখনই শেষ নয়। বৃহস্পতিবার নামবেন ৪০০ মিটার রিলেতে। এএফপি, রয়টার্স।