সেমিতে পাকিস্তানকে পেল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন করতেই পাশে থাকা ইয়েমেনি সাংবাদিককে দোভাষী বানিয়ে ইয়েমেনের কোচ খালেদ আল বরা বললেন, ‘ইয়েমেনে সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। এরপর বাস্কেটবল এবং অন্যান্য খেলা। জনপ্রিয়তায় হ্যান্ডবল ষষ্ঠ।’ বাংলাদেশে যে দলটি নিয়ে এসেছেন, তাতে বেশির ভাগই স্কুল আর কলেজছাত্র। আর এই প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে এসেছেন তাঁরা।মিরপুর শহীদ সোহ্রাওয়ার্দী ইনডোরে কাল ইয়েমেনের এই তরুণ দলটিকে হারাতেই ঘাম ঝরল বাংলাদেশের। হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিতে (৩৩-২৮) সেমিফাইনালে উঠল বাংলাদেশের যুবদল গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই। আজ সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। দিনের অন্য ম্যাচে ভারত একপেশে লড়াইয়ে ৪০-২৭ গোলে হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে। টানা দুই জয়ে সেমিফাইনালে ওঠা ভারত পাচ্ছে ইয়েমেনকে।প্রথম ম্যাচে বাংলাদেশ ৪৬টি গোল দিয়েছিল আফগানিস্তানের জালে। কালও শুরুটা ভালোই হয়েছিল। পেনাল্টি থেকে প্রথম গোল করেন সুধন বড়ুয়া। প্রথম ‘টাইম আউট’-এর সময় বাংলাদেশ এগিয়ে থাকে ১১-৫ গোলে। আর প্রথমার্ধ শেষ হয় ১৯-১১ গোলে। কালও সর্বোচ্চ ১০টি গোল করেছেন আগের ম্যাচের সর্বোচ্চ গোলদাতা ইমদাদুল হক। কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ইয়েমেন। বিশেষ করে, প্রতি আক্রমণ থেকে সাফল্য পেতে থাকে তারা। একসময় তো ব্যবধান ছিল ২৭-২৪! ব্যবধান কমতে দেননি বাংলাদেশ দলের গোলকিপার ইমদাদুল হক (হীরা)। অসাধারণ কিছু গোল বাঁচিয়েছেন ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞানের এই ছাত্র।জয়ের ব্যবধান আরও বেশি হতে পারত। সুধন পেনাল্টি মিস করেছেন চারটি। এটা নিয়ে বেশ আক্ষেপই করলেন কোচ কামরুল ইসলাম (কিরণ), ‘ওর ওপর আমার আস্থা ছিল। কিন্তু সেটা প্রমাণ করতে পারল না। হয়তো ওর আত্মবিশ্বাস কমে গিয়েছিল।’ তবে ম্যাচ জেতাটাকেই বড় করে দেখছেন, ‘শেষ পর্যন্ত ম্যাচ জিতেছি—এটাই আসল। আমরা এখন পরের ম্যাচে পাকিস্তানকে নিয়ে ভাবছি।’ম্যাচের রেফারিং নিয়ে দুই দলই আপত্তি তুলেছে। বিশেষ করে, ইয়েমেনের কোচ হারের জন্য বিশেষভাবে দায়ী করলেন এটিকেও, ‘খুবই নিম্নমানের রেফারিং হয়েছে। আমরা ওখানেই হেরে গেছি। তা ছাড়া আমাদের অভিজ্ঞ খেলোয়াড়েরও অভাব।’এর আগে দিনের প্রথম ম্যাচে ভারত-পাকিস্তান ম্যাচে মোটেই ‘যুদ্ধ-যুদ্ধ’ গন্ধ ছিল না। হারার আগেই যেন হেরে বসে ছিল পাকিস্তান। প্রথমার্ধে ২০-১২ গোলে এগিয়ে যাওয়া ভারত দ্বিতীয়ার্ধে দ্বিগুণ করেছে ব্যবধান। এই পাকিস্তানের কাছেই গত দক্ষিণ এশীয় গেমসে হেরেছিল ভারত। সেটির একরকম প্রতিশোধ তারা নিল। এই দলে আছেন এসএ গেমসের চারজন খেলোয়াড়। তাদের হায়দরাবাদী কোচ সুরেশ কুমার ম্যাচ শেষে জানালেন, ‘চিরপ্রতিদ্বন্দ্বীদের হারাতে পেরে খুবই ভালো লাগছে। এখন আমাদের একটাই লক্ষ্য—চ্যাম্পিয়ন হওয়া।’