সেমিতে বাংলাদেশের সামনে পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের সামনে আতঙ্ক ছিলেন বাংলাদেশের রুবিনা। এভাবেই বারবার বল জালে ঢুকিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক। কাল পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে l হাসান রাজা
আফগানিস্তানের সামনে আতঙ্ক ছিলেন বাংলাদেশের রুবিনা। এভাবেই বারবার বল জালে ঢুকিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক। কাল পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে l হাসান রাজা

আইএইচএফ ট্রফিতে জয়ের ধারায় বাংলাদেশ মহিলা দল। পল্টন শহীদ ক্যাপ্টেন মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে কাল বাংলাদেশ ৩৪-৭ গোলে উড়িয়ে দিয়েছে আফগানিস্তানকে। প্রথম ম্যাচে ৪৭-১৪ গোলে শ্রীলঙ্কাকে হারিয়েছিল স্বাগতিক দল। ৯ গোল করে মহিলা দলের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন রুবিনা বেগম।
টানা দুই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ শেষ চারে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। মেয়েদের মতো ছেলেরাও সেমিফাইনালে পা রেখেছে। প্রথম ম্যাচে ভারতের কাছে হারের পর কাল জয় পেয়েছে পুরুষ দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ ৪৬-১৭ গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে। রবিউল আওয়াল করেছেন সর্বোচ্চ ১০ গোল। আজ সেমিফাইনালে পুরুষ দলেরও প্রতিপক্ষ পাকিস্তান।
জিতেও অবশ্য নিজেদের পারফরম্যান্সে খুশি নন বাংলাদেশ মহিলা দলের অধিনায়ক রুবিনা, ‘সেমিফাইনালে উঠে ভালো লাগছে। কিন্তু প্রথমার্ধে আজ আমরা পাসিং, ক্যাচিংয়ে খুব খারাপ করেছি। শুটিং, গ্রিপিংয়েও সমস্যা হয়েছে। যতটা আক্রমণ করেছি, গোল পেয়েছি কম। আমরাও সন্তুষ্ট নই।’
প্রধান কোচ কামরুল ইসলাম এসব ভুল শুধরে সামনের দিকে তাকাচ্ছেন, ‘আমরাও চেষ্টা করে যাচ্ছি। আসলে এই খেলোয়াড়দের অধিকাংশই তরুণ। মানসিকভাবে অতটা পরিণত হয়নি। আশা করি, সেমিফাইনালের আগে সমস্যাগুলো শুধরে নিতে পারব।’