সেমিতে ব্রাজিল মেক্সিকো জাপান ও দক্ষিণ কোরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অলিম্পিকের সেমিফাইনাল লাইনআপ চূড়ান্ত হয়ে গেছে। কোয়ার্টার ফাইনালের বাধা ডিঙিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে ফেবারিট ব্রাজিল। চমক হয়ে এসেছে জাপান ও দক্ষিণ কোরিয়া। সমর্থকদের হূদয় ক্ষতবিক্ষত করে বিদায় নিয়েছে গ্রেট ব্রিটেন। সেনেগালকে হারিয়ে চতুর্থ দল হিসেবে সেমিতে জায়গা পেয়েছে মেক্সিকো।ব্রাজিলের সেমিতে ওঠাটা অনুমিতই ছিল। ছিল প্রত্যাশিত। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষও ছিল তুলনামূলক সহজ। কিন্তু মাঠের লড়াইটা একেবারেই সহজ হয়নি ব্রাজিলের জন্য। ব্যবধানটাও তেমনই নির্দেশ করছে। নয়জন নিয়ে খেলা হন্ডুরাসের বিপক্ষে ৩-২ গোলে জয়টা এসেছে অতিকষ্টেই। লিয়ান্দ্রো ডামিওর দুই গোলের পাশাপাশি নেইমারের পা থেকে এসেছে অপর গোলটি। হন্ডুরাসের পক্ষে দুটি গোল করেছেন মারিও মার্টিনেজ ও এসপিনোজা।খেলার ১২ মিনিটের সময় মার্টিনেজের গোলে এগিয়ে গিয়ে সবাইকে চমকে দেয় হন্ডুরাস। ৩৮ মিনিটে সমতা ফেরান ডামিও। ৪৮ মিনিটে এসপিনোজার গোলে আবার এগিয়ে যায় হন্ডুরাস। ৫১ মিনিটে ব্রাজিলকে খেলায় ফেরান নেইমার। ৬০ মিনিটে ডামিও ব্রাজিলের পক্ষে জয়সূচক গোলটি করেন। পরের ৩০ মিনিটে ব্রাজিল সংখ্যাতাত্ত্বিক সুবিধার সর্বোচ্চ ব্যবহার করে হন্ডুরাসকে আর চেপে বসতে দেয়নি। নিজেদের ফেবারিট মর্যাদার বজায় রেখে সেমিফাইনালে তুলে নেয় নিজেদের।গ্রেট ব্রিটেন হেরে গেছে দক্ষিণ কোরিয়ার কাছে। তবে হারটা পেনাল্টি-ভাগ্যে। ভাগ্যবিড়ম্বিত ব্রিটিশ ফুটবলের আরও একটি উপাখ্যান হয়ে থাকল এবারের অলিম্পিক। দীর্ঘদিন পরে গ্রেট ব্রিটেন নাম নিয়ে কোনো প্রতিযোগিতায় খেলতে নেমে যাত্রাটা স্বপ্নীলই ছিল তাদের। কিন্তু শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে এসে সেই যাত্রার সমাপ্তি হলো এশীয় ফুটবলের পাওয়ার হাউস দক্ষিণ কোরিয়ার কাছে। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে ড্র হওয়ার পর গ্রেট ব্রিটেন টাইব্রেকারে হেরেছে ৫-৪ ব্যবধানে। ড্যানিয়েল স্টারিজ পেনাল্টি মিস করেই শেষ করে দেন গ্রেট ব্রিটেনের স্বপ্নযাত্রা। পাঁচটি পেনাল্টির সব কটিতেই সফল ছিলেন দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়েরা।এর আগে, খেলার ২৯ মিনিটে ডং ওন জির গোলে এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া। গ্রেট ব্রিটেন অবশ্য অল্প কিছু পরেই খেলায় সমতা ফিরিয়ে নিয়ে আসে। গোল করেন অ্যারন র্যামসে। বাকি সময়টা হাড্ডাহাড্ডি লড়াই হলেও গোল করতে পারেনি কোনো দলই। শেষ পর্যন্ত খেলা টাইব্রেকারে গড়ালে একটি শট মিস হওয়ার খেসারত দিতে হলো গ্রেট ব্রিটেনকে।অপর দুই কোয়ার্টার ফাইনালে জাপান ৩-০ গোলে মিসরকে এবং মেক্সিকো ৪-২ গোলে সেনেগালকে হারিয়ে জায়গা করে নিয়েছে সেমিফাইনালে।মিসরের বিপক্ষে একতরফা খেলেই শেষ চারে জায়গা করে নেয় জাপান। খেলার ১৪ মিনিটে কেনসুকে নাগাইয়ের গোলে এগিয়ে যায় জাপানিরা। জাপানের পক্ষে বাকি দুটো গোল আসে অবশ্য বেশ পরে। খেলার ৭৮ মিনিটে মায়া ইয়োশিদা ও ৮৩ মিনিটে ইওকি ওতসু গোল করে জাপানের বিজয় নিশ্চিত করেন।মেক্সিকো ও সেনেগালের ম্যাচটি ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। খেলার ১০ মিনিটে এনরিকুয়েজের গোলে এগিয়ে যায় মেক্সিকো। ৬২ মিনিটে একুয়েনোর গোলে মেক্সিকো এগিয়ে যায় ২-০ গোলে। তবে সেনেগাল ম্যাচে ফিরে আসে মাত্র ১৪ মিনিটের ব্যবধানে। ৬৯ মিনিটে মৌসা কনাতে এবং ৭৬ মিনিটের সময় ইব্রাহিমা গোল করে সমতা নিয়ে আসেন।নির্ধারিত ৯০ মিনিটে অমীমাংসিত থাকার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের ৮ মিনিটে জিওভান্নি দস সান্তোসের গোলে এগিয়ে যায় মেক্সিকো। ম্যাচের ১০৯ মিনিটের সময় হেরেরা আরও একটি গোল করলে জয় নিশ্চিত করে মেক্সিকো। রয়টার্স।