দলবদলে এবার ভাঙা হাট হয়ে গেছে মুক্তিযোদ্ধা। মাঝারি মানের কিছু খেলোয়াড় নিয়ে গঠিত হয়েছে এবারের মুক্তিযোদ্ধা দল। সেই মুক্তিযোদ্ধাই কাল ব্রাদার্সকে হারিয়ে উঠে গেল মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপের সেমিফাইনালে।জয়টা ২-০ গোলে। তবে এই স্কোরলাইন ম্যাচের আসল ছবিটা তুলে ধরছে না। প্রথমার্ধটা ছিল পুরোপুরি ব্রাদার্সের। যদিও ৬ মিনিটেই গোল খেয়ে বসেছিল তারা। কিন্তু ইউসুফের সেই গোলটি ছিল খেলার ধারার বিপরীতে। প্রধমার্ধে এর আগে-পরে মাঠে ছিল ব্রাদার্সের একচ্ছত্র আধিপত্য। আগের ম্যাচে আবাহনীকে হারানো দলটি গোলের সুযোগ তৈরি করে তা অপচয়েরই খেসারত দিল।অন্যদিকে জেতার মতো ফুটবল না খেলেও মুক্তিযোদ্ধা জিতেছে সুযোগ কাজে লাগিয়ে। অভিজ্ঞতায়ও কিছুটা এগিয়ে ছিল মুক্তিযোদ্ধা। সেটিতে ভর করেই দ্বিতীয়ার্ধে একটু ঘুরে দাঁড়ায়। ৭৭ মিনিটে পর্তুগালে খেলা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড থিয়াগো সিলভা গোল করে জয়টাও নিশ্চিত করে ফেলেন।