সবার আগে সুপার কাপের সেমিফাইনালে উঠেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। আজ তাদের সঙ্গী হয়েছে মোহামেডানও। টানা দুই ম্যাচ জিতে সহজেই শেষ চারে উঠে গেল গতবারের ফাইনালিস্টরা।বঙ্গবন্ধু স্টেডিয়ামে মোহামেডান ১-০ গোলে হারিয়েছে প্রিমিয়ার লিগের রানার্স আপ শেখ জামালকে। একমাত্র গোলটি ওয়াহেদের। অন্য ম্যাচে ব্রাদার্স ২-১ গোলে হারিয়েছে বিজেএমসিকে। জোড়া গোল করেছেন চ্যাম্পিয়নশিপ লিগের দল ওয়ারী থেকে আসা জুয়েল রানা। বিজেএমসির একমাত্র গোলটি তকলিচের। টানা দুই হারে সুপার কাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে বিজেএমসির। টুর্নামেন্টের প্রথম ম্যাচে পয়েন্ট খুঁইয়ে বেশ বিপাকে ছিল শেখ জামাল। সেই তুলনায় ৩ পয়েন্ট হাতে নিয়ে খেলতে নামা মোহামেডান আজ একটু বেশিই নির্ভার ছিল। রক্ষণভাগ দারুণভাবে সামলে দ্রুত কাউন্টার অ্যাটাকে গেছে। এবং সেটার ফলও পেয়েছে হাতেনাতেই। ম্যাচের ৯ মিনিটে শেখ জামালের শাহেদের ব্যাকপাস থেকে বল ধরে গোলমুখে এগিয়ে যান ওয়াহেদ। শেখ জামালের আগুয়ান গোলরক্ষক শাকিলকে কাটিয়ে সহজেই প্লেসিং শটে করেন মৌসুমে নিজের প্রথম গোল।