সেমিতে মোহামেডান, বিজেএমসির বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াহেদের গোল উদ্যাপন। তাঁর গোলেই কাল শেখ জামালকে হারিয়েছে মোহামেডান ষ প্রথম আলো
ওয়াহেদের গোল উদ্যাপন। তাঁর গোলেই কাল শেখ জামালকে হারিয়েছে মোহামেডান ষ প্রথম আলো

আগের দুটি সুপার কাপেরই ফাইনালিস্ট আবাহনী ও মোহামেডান। কিন্তু এবারের সুপার কাপে দুই রকম চেহারায় চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব। গতবারের চ্যাম্পিয়ন আবাহনী যেখানে সেমিফাইনালে ওঠার শঙ্কায়, মোহামেডান টানা দুই জয়ে সহজেই উঠে গেল শেষ চারে।বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল মোহামেডান ওয়াহেদের দেওয়া গোলে হারিয়েছে প্রিমিয়ার লিগের রানার্সআপ শেখ জামালকে (১-০)। অন্য ম্যাচে ব্রাদার্স ২-১ গোলে হারিয়েছে বিজেএমসিকে। জোড়া গোল করেছেন চ্যাম্পিয়নশিপ লিগের দল ওয়ারী থেকে আসা জুয়েল রানা। বিজেএমসির একমাত্র গোলটি তকলিচের। টানা দুই হারে বিদায় বিজেএমসির।টুর্নামেন্টের প্রথম ম্যাচে পয়েন্ট খুইয়ে বেশ বিপাকেই ছিল শেখ জামাল। সেই তুলনায় ৩ পয়েন্ট হাতে নিয়ে খেলতে নামা মোহামেডান ছিল নির্ভার। রক্ষণভাগ দারুণভাবে সামলে দ্রুত পাল্টা-আক্রমণে গেছে তারা। এবংসেটার ফলও পেয়েছে হাতেনাতে। ম্যাচের ৯ মিনিটে শেখ জামালের শাহেদের ব্যাকপাস ধরে গোলমুখে এগিয়ে যান ওয়াহেদ, আগুয়ান গোলরক্ষক শাকিলকে কাটিয়ে সহজেই প্লেসিং শটে করেন মৌসুমে নিজের প্রথম গোল।আগের ম্যাচে পয়েন্ট খুইয়েছে শেখ জামাল। কোচ ওয়াসিম ইকবালকে বিস্ময়করভাবে কাল ডাগ-আউটে দেখা যায়নি! সেখানে ছিলেন শেখ জামালের একাডেমির কোচ নাইজেরিয়ান ওমর সিসে। তিনিই জানালেন, ‘ওয়াসিম অসুস্থ।’ শুধু ওয়াসিমই নন, আগের ম্যাচের একমাত্র গোলদাতা নাসিরকেও পায়নি শেখ জামাল। চোটের কারণে বিজেএমসির বিপক্ষে পরের ম্যাচেও তাঁকে না-ও দেখা যেতে পারে।শেখ জামাল কাল বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেছে স্ট্রাইকারদের ফিনিশিং দুর্বলতার কারণে। মাঝমাঠ থেকে বল বানিয়ে দিলেও অ্যাটাকিং থার্ডে গিয়ে খেই হারিয়ে ফেলেছেন স্ট্রাইকাররা। দুর্ভাগ্যও সঙ্গী ছিল, ৭০ মিনিটে মাসুদের হেড লাগে ক্রসবারে। বাস্তববাদী কোচ ওমর বললেন, ‘সেমিফাইনালে ওঠাটা কঠিনই হয়ে গেল আমাদের। অন্যের দিকে তাকিয়ে থাকতে হবে এখন।’ মৌসুমে প্রথমবারের মতো শেখ জামালকে হারিয়ে খুবই উচ্ছ্বসিত মোহামেডান কোচ সাইফুল বারী (টুিট), ‘খেলোয়াড়েরা আমার প্রত্যাশার চেয়েও ভালো খেলেছে। দেশি খেলোয়াড়েরাও যে বড় ম্যাচের টেম্পো নিতে পারে এটা তারই উদাহরণ।’

সুপার কাপ শুরুর আগে ব্রাদার্স কর্মকর্তাদের চাওয়া ছিল, দলটির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা। প্রিমিয়ার লিগে ৯ দলের মধ্যে অষ্টম হওয়া দলটি সেই চেষ্টায় এখনো পর্যন্ত দারুণ সফল। প্রথম ম্যাচে শক্তিশালী শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে ড্রয়ের পর কাল তারা হারাল বিজেএমসিকে।

পেশাদার লিগের খেলোয়াড়দের বাইরে নতুন ১০ জন ফুটবলার নিয়েছে ব্রাদার্স সুপার কাপের জন্য। অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মিশেলে বেশ গতিময় লাগছে কমলা দলটিকে। বিশেষ করে পর পর দুই ম্যাচে চমৎকার খেললেন স্ট্রাইকার জুয়েল রানা। প্রথম ম্যাচে একমাত্র গোলের পর কালও জোড়া গোল করেছেন ঝিনাইদহের তরুণ। চ্যাম্পিয়নশিপ লিগে ওয়ারীতে খেলেছেন মাঝমাঠে। আসলে তিনি স্ট্রাইকার। ব্রাদার্সে স্ট্রাইকার হিসেবে দেখাচ্ছেন নিজের ঝলক। কাল ১৪ মিনিটে প্রথম গোল করেন জুয়েল রানা। ৪১ মিনিটে সেটি শোধ করে দেন তকলিচ (১-১)। ৮২ মিনিটে জয়সূচক গোল করেন জুয়েল রানা।