সেমিতে স্পেনকে পেয়ে জার্মানি অস্বস্তিতে: ডেভিড ভিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপে এরই মধ্যে পাঁচটি গোল করে গোল্ডেন বুটের সবচেয়ে বড় প্রার্থী তিনি। বিশ্বকাপের স্পেনের প্রতিটি জয়েই মূল আবদান তাঁর। সব মিলিয়ে এবারের বিশ্বকাপের সবচেয়ে আলোচিত পারফরমার স্প্যানিশ সুপারস্টার ডেভিড ভিয়া। সুদর্শন এই তারকা দিন গুনছেন স্পেনের হয়ে বিশ্বকাপে সোনালি সাফল্যের।চিরকালীন ফেবারিট স্পেন বিশ্বকাপে বরাবরই সাফল্যবঞ্চিত একটি দল। এবার সময় এসেছে, সাফল্যবঞ্চিত দলের কালিমা মুছে ফেলার। সেই লক্ষ্যে স্পেনের বাকি আর মাত্র দুটি ম্যাচ। তবে আগামী ম্যাচেই স্প্যানিশদের দেখা করতে হচ্ছে এবারের বিশ্বকাপের সবচেয়ে ‘ভয়ঙ্কর’ ও ‘নির্মম’ দল হিসেবে পরিচিতি পেয়ে যাওয়া জার্মান ‘মেশিন’দের সঙ্গে। স্পেনের বিশ্বকাপ মিশনে এ পর্যন্ত সবচেয়ে বড় বাধা। তবে ডেভিড ভিয়া মনে করেন, জার্মানি স্পেনের জন্য বাধা নয়। উল্টো জার্মানির জন্যই স্পেন একটি বিশাল বাধা।২০০৮ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলাটি আলোচনায় উঠে আসবে আগামী ৭ তারিখ। সেবার ইউরোর ফাইনালে এই জার্মানিকেই ফানান্ডো তোরেসের দেওয়া গোলে হারিয়ে শিরোপা জিতেছিল স্পেন। সময়ের ব্যবধানটা দুই বছরের হলেও এই সময়ে দুই দলের পারফরম্যান্সে স্পেনকেই এগিয়ে রাখতে চাচ্ছেন ডেভিড ভিয়া। তিনি মনে করেন, ২০০৮ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের সেই ফাইনালটিই বিশ্বকাপের সেমিফাইনালে লড়াইয়ে নামার আগে জার্মানির বিপক্ষে শক্তি জোগাচ্ছে স্পেনকে।সেমিফাইনালে স্পেনকে সামনে পেয়ে জার্মানি যে খুব একটা খুশি হতে পারছে না, তা বলতে ভুলেননি ভিয়া। তিনি বলেছেন, ‘আমার মনে হয় বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনকে পেয়ে জার্মানি খুব একটা খুশি নয়, বরং তারা বেশ শঙ্কিতই।’ভিয়া গতকাল প্যারাগুয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচটিকে বিশ্বকাপে এ পর্যন্ত স্পেনের সবচেয়ে কঠিন ম্যাচ হিসেবে অভিহিত করেছেন। ভিয়া বলছিলেন, ‘প্যারাগুয়ের রক্ষণাত্মক খেলা আমাদের সমস্যায় ফেলেছিল। কিন্তু এর পরও স্বস্তি পাচ্ছি এই ভেবে, শেষ পর্যন্ত আমরা ম্যাচটা জিতেছি।’ প্যারাগুয়ের বিপক্ষে ৮৩ মিনিটে ভিয়ার দেওয়া গোলেই ৬০ বছর পর সেমিফাইনালে খেলার সুযোগ পেয়েছে ‘লা রোজা’রা।গোলের খেলা ফুটবলে গোল করে জয় পাওয়াটাকেই গুরুত্বপূর্ণ মনে করেন ভিয়া। তিনি বলেন, ‘কত গোলে জিতলাম সেটা গুরুত্বপূর্ণ নয়, জিতেছি যে সেটাই বড় কথা।’বিশ্বকাপে স্পেনের ভালো পারফরম্যান্সের মূল রহস্য দলীয় সংহতি বলে মনে করেন ডেভিড ভিয়া। তিনি বলেন, ‘স্পেন বিশ্বকাপে ভালো খেলছে, তার কারণ আমরা বহুদিন পর একটি দল হিসেবে খেলতে পারছি। ভালো পারফরম্যান্সের জন্য যেটা বেশ গুরুত্বপূর্ণ।’