সেমিতে ‘ক্লান্ত’ শেখ জামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার উপকূলের ঘূর্ণিঝড় ‘গিরি’ ধেয়ে আসছিল কাল বিকেলে। প্রায় ৪০০ কিলোমিটার দূরে ঢাকার কমলাপুরে যেন তারই প্রভাব পড়েছিল। ‘ঘূর্ণিঝড়’ এখানে আঘাত হানতে হানতেও পাশ কাটিয়ে চলে গেছে। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সামনে এই ‘ঘূর্ণিঝড়’ হয়ে উঠেছিল পুরান ঢাকার রহমতগঞ্জ। ৭৬ মিনিটে ইদ্রিস কাসুরির শটটা ক্রসবারে না লেগে জালে ঢুকলে ম্যাচটা ২-২-এ শেষ হতে পারত। শেখ জামালের ফেডারেশন কাপের সেমিফাইনালে ওঠা তখন ঝুলে থাকত শেখ রাসেলের হাতে। পরের ম্যাচে আবাহনীকে শেখ রাসেল হারাতে পারলেই নিতে হতো বিদায়। ভাগ্য ভালো শেখ জামালের, কাসুরির শট জালে যায়নি। ২-১ জয় নিয়ে প্রথম দল হিসেবে মৌসুম সূচক টুর্নামেন্টের শেষ চারে গেল তারা (৩ ম্যাচে ৫ পয়েন্ট)।শেখ জামাল প্রথম গোল পেয়েছে ৩৪ মিনিটে। তৌহিদুর রহমান (সবুজ) রহমতগঞ্জের আগুয়ান গোলরক্ষক হিমেলের মাথার ওপর দিয়ে বল পাঠান জালে। ৫৫ মিনিটে বাঁ প্রান্ত থেকে শাকিলের ক্রসে জাহিদের হেডে ২-০।এ অবস্থায় শেখ জামালের সহজ জয়ই ছিল প্রত্যাশিত। কিন্তু এই টুর্নামেন্টে ধারাবাহিকভাবে নজর কাড়া রহমতগঞ্জের স্ট্রাইকার পাশবন মোল্লা ৬০ মিনিটে ২-১ করলে জমে ওঠে ম্যাচ। সার্বিয়ান ডিফেন্ডার ড্রাগনকে প্রথমে, তারপর গোলরক্ষক আমিনুলকে শরীরের দোলায় ছিটকে দিয়ে আলতো টোকায় গোলটা করেন জয়পুরহাটের তরুণ।দলীয় সমন্বয়হীনতা, দিশেহারা রক্ষণ, মাঝমাঠে মাঠে খেলা তৈরি করার লোকের অভাব—শেখ জামালের খেলায় আস্তে আস্তে বেরিয়ে আসছে সমস্যার পাহাড়। তবে অধিনায়ক আমিনুলের ভাষায়, ‘বেশি আত্মবিশ্বাসই আমাদের সবচেয়ে বড় সমস্যা।’এদিন হলুদ কার্ডের গেরোয় আটকে মাঠের বাইরে ছিলেন এনামুল, যিনি প্লে-মেকারের ভূমিকায় খেলেছেন আগের ম্যাচগুলোয়। বাছাইপর্বে আরামবাগের বিপক্ষে ২ গোল করার পর চূড়ান্ত পর্বের তিন ম্যাচে নিষ্প্রভ স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি। বিদেশি স্ট্রাইকাররা যতই সাদামাটা হোক—অন্তত প্রতিপক্ষ রক্ষণের সমীহ কাড়েন। সে রকম একজন স্ট্রাইকারও নেই শেখ জামালে। তার ওপর একেক দিন একেক ফরমেশন—গোটা দলটাই কেমন যেন বাঁধনছাড়া!সার্বিয়ান কোচ জোরান কার্লেভিচ বলছেন, ‘১০ দিনে ৫ ম্যাচ খেলা কঠিন ব্যাপার। এত ঘন ঘন ম্যাচ খেলা যায় না। দল এত ক্লান্তিতে ভুগছে যে, এই ম্যাচে দুজন খেলোয়াড় বদল করার পর তৃতীয়জনকে আমি মাঠেই পাঠাতে পারিনি! ক্লান্তির কারণে আমার পক্ষে সেরা দল দাঁড় করানো অসম্ভব হয়ে পড়েছে।’কার্লেভিচের এই ব্যাখ্যাটা যে ভাঙা ক্যাসেটের গানের মতো মনে হতে শুরু করেছে!আজকের খেলাব্রাদার্স-মুক্তিযোদ্ধা ও মোহামেডান-ফেনী সকার (কমলাপুর স্টেডিয়াম, বিকেল ৩টা ও ৫টা ৩০ মি.)